সরকারি হাসপাতালের কার্যক্রম তদারকিতে কর্মকর্তা নিয়োগ
মেডিভয়েস রিপোর্ট: দেশের সকল সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা প্রদানের মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার গুণগত মান নিশ্চিতকরণে নিয়মিত পরিদর্শন ও তদারকি করতে কর্মকর্তা নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (১৬ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুয়ায়ী, দেশের সকল হাসপাতাল তদারকির জন্য ৬৯ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে সহকারি সচিব পদ মর্যাদার কর্মকর্তারা রয়েছে।
আদেশে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মপরিধি সম্পর্কে বলা হয়, ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাঁর আওতাধীন নির্ধারিত জেলা/উপজেলা/হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি, অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে প্রতিষ্ঠান/হাসপাতাল প্রধানের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। পরিদর্শনকারী কর্মকর্তার সংশ্লিষ্ট অনুবিভাগ/অধিশাখা/শাখায় কর্মরত/দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা/ব্যক্তিগত কর্মকর্তা মনিটরিং কার্যক্রমে সাচিবিক সহায়তা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট পরিদর্শনকারী কর্মকর্তার সফরসঙ্গী হবেন।’
এতে আরও বলা হয়, ‘আওতাধীন হাসপাতালসমূহের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা নিয়মিত তদারকি করে উপস্থিতি সংক্রান্ত তথ্য/প্রতিবেদন দাখিল করতে হবে। জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে হবে। মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, প্রবীণ স্বাস্থ্যসেবা, পুষ্টি কার্যক্রমসহ জনস্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উৎসাহিত ও প্রয়োজনীয় সহায়তা প্রদান’।
আদেশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত জেলা/উপজেলা/হাসপাতাল পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রাপ্ত পর্যবেক্ষণ ও সুপারিশ প্রতিমাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় প্রতিবেদন আকারে প্রেরণ করবেন এবং বাস্তবায়নযোগ্য সুপারিশের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
কর্মকর্তাদের চলতি মাসে আবশ্যিকভাবে কমপক্ষে একটি পরিদর্শন সম্পন্ন করতে হবে এবং প্রতিমাসে কমপক্ষে ৩১টি পরিদর্শন সম্পন্ন করতে হবে বলেও জানানো হয়েছে অফিস আদেশে।
এমআর/