১৪ অগাস্ট, ২০২৬ ০৯:৩৯ পিএম

চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির দায়ে এগ্রো ফার্মকে জরিমানা

চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির দায়ে এগ্রো ফার্মকে জরিমানা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলায় অবৈধভাবে ভিন্ন প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করে জৈব সার বাজারজাত করার দায়ে মেসার্স জামান এগ্রো ফার্ম নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত সদর উপজেলায় তদারকিমূলক অভিযানকালে ডিঙ্গেদহের হোগলডাঙ্গা গ্রামে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ডিঙ্গেদহের হোগলডাঙ্গা হোগলডাঙ্গার মোছা. হাফিজা খাতুনের মালিকানাধীন ‘মেসার্স জামান এগ্রো ফার্ম’ অনুমোদিত নিজ প্যাকেটের পরিবর্তে অবৈধভাবে অন্য প্রতিষ্ঠানের প্যাকেটে জৈব সার বাজারজাত করে আসছিল। এ অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সাথে যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং প্রতিষ্ঠানের নিজস্ব প্যাকেটে জৈব সার বাজারজাত করার জন্য কড়া নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনিছুর রহমান ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) –এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত