নওগাঁ মেডিকেলে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান
মেডিভয়েস রিপোর্ট: নওগাঁ মেডিকেল কলেজের (নমেক) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (৮ম ব্যাচ) নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘নবীনবরণ ও ক্যারিয়ার নির্দেশনা অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নওগাঁ মেডিকেল শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টায় নওগাঁ শহরের আয়োজন রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মেডিকেল কলেজটির ৮ম ব্যাচের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে মেডিকেল শিক্ষাজীবন, পেশাগত প্রস্তুতি ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন অতিথিরা।
আলোচনায় বক্তারা বলেন, চিকিৎসাবিদ্যার শিক্ষাজীবন শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়। একজন চিকিৎসককে রোগীর প্রতি দায়িত্বশীলতা, মানবিকতা, পেশাগত দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হয়। তাই শুরু থেকেই পড়াশোনার পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও পেশাগত প্রস্তুতির দিকে মনোযোগ দেওয়ার জন্য নবীনদের পরামর্শ দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতের চিকিৎসক হিসেবে দেশ ও মানুষের সেবায় নিজেদের প্রস্তুত করতে হবে। মেডিকেল শিক্ষাজীবনের প্রতিটি ধাপকে কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আ.স.ম. মামুন শাহীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন।
বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের বগুড়া জোনের সভাপতি ডা. লিয়াকত আলী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসু ভিপি মো. মোস্তাকুর রহমান জাহিদ এবং ছাত্রশিবিরের নওগাঁ জেলা শাখার সভাপতি আজফারুর হক।
অনুষ্ঠানে নওগাঁ মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ, চিকিৎসক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এনএইচ/