১০ অগাস্ট, ২০২৬ ০৯:৩০ পিএম

পাঁচ মেডিকেলে নতুন অধ্যক্ষ নিয়োগ, প্রজ্ঞাপন জারি

পাঁচ মেডিকেলে নতুন অধ্যক্ষ নিয়োগ, প্রজ্ঞাপন জারি
অধ্যাপক ফেরদৌস জাহাঙ্গীর, ডা. জাহিদ কামাল, অধ্যাপক ইকবাল হোসেন, অধ্যাপক সৈয়দ আসিফ। (ছবিতে বাম দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: দেশের পাঁচটি মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে পাঁচ চিকিৎসককে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তাঁদের মধ্যে যশোর, ফরিদপুর, চাঁদপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। আর ময়মনসিংহ মেডিকেল কলেজে একজনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আলাদা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হয়েছে অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীরকে। তিনি বর্তমানে একই প্রতিষ্ঠানের পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. সৈয়দ আসিফ উল আলম। তিনি ফরিদপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক (ইনসিটু) হিসেবে দায়িত্ব পালন করছেন।

নোয়াখালী মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক (ইনসিটু) অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। 

অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মোস্তফা জাহিদ কামাল। তিনি বর্তমানে মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক।

এ ছাড়া টাঙ্গাইল মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. তৌহিদুল ইসলামকে মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১৬ আগস্টের মধ্যে পাঁচ কর্মকর্তাকেই সংশ্লিষ্ট নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে এইচআরএম ডাটাবেজে মুভআউট এবং নতুন কর্মস্থলে মুভইন সম্পন্ন করার পাশাপাশি যোগদানের পর পিডিএস হালনাগাদ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এনএইচ/এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত