৩১ জুলাই, ২০২৬ ০৯:৫০ এএম

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের পর চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের পর চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের পর চাকরি পেয়েছেন সাতক্ষীরার দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন আক্তার। বিশেষ ব্যবস্থায় তাকে রাজধানীর এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) ‘কনিষ্ঠ কর্মকর্তা’ পদে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২ আগস্ট তিনি কর্মস্থলে যোগদান করবেন।

বৃহস্পতিবার (৩০) দুপুরে সচিবালয়ে শারমিন আক্তারের হাতে নিয়োগপত্র তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৬ জুলাই সাতক্ষীরা জেলায় হাসপাতাল পরিদর্শনকালে দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন আক্তার স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি চাকরির আবেদন করেন। মন্ত্রী তাকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

শারমিনের গ্রামের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

নিয়োগপত্র পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বাস্থ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শারমিন আক্তার।

আবেগআপ্লুত হয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী আমার অবস্থা জানার পর নিজ উদ্যোগে আমাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী খুব অল্প সময়ের মধ্যেই আমার কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এখন আমি আমার অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারব। এজন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আপনাদের সবাইকেও আন্তরিক ধন্যবাদ জানাই।’

স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘শারমিন আক্তার খুবই অসহায়। তার পরিবারে কর্মক্ষম কোনো সদস্য নেই। তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। তার পরিবারের অবস্থা জানার পর আমি তাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তাকে ইডিসিএলে নিয়োগ দেওয়া হয়েছে। ছয় মাসের শিক্ষানবিশকাল শেষে তার চাকরি স্থায়ী হবে। সবাই তার জন্য দোয়া করবেন।’

এ সময় ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সরকার দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে রয়েছে। প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তির পুনর্বাসন নিশ্চিত করা হবে। সেই সঙ্গে তাদের যোগ্যতা ও মেধা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক