৩০ জুলাই, ২০২৬ ০৯:৩৪ পিএম

এমবিবিএস ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের গবেষণায়  সম্পৃক্ত করা হবে: ড. জিয়াউদ্দিন

এমবিবিএস ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের গবেষণায়  সম্পৃক্ত করা হবে: ড. জিয়াউদ্দিন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গবেষণার সক্ষমতা বৃদ্ধি, গবেষকদের দক্ষতা উন্নয়ন এবং নতুন গবেষক তৈরিতে গুরুত্ব দিতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন এবং কার্যকর সংস্কার বাস্তবায়নে গবেষণার বিকল্প নেই।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) ২০২৫-২৬ অর্থবছরের রাজস্বখাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. জিয়াউদ্দিন বলেন, বর্তমানে স্বাস্থ্যখাতে গবেষণায় ব্যয় খুবই কম। অথচ দেশের বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গবেষণার সক্ষমতা বৃদ্ধি, গবেষকদের দক্ষতা উন্নয়ন এবং নতুন গবেষক তৈরিতে গুরুত্ব দিতে হবে। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এমবিবিএস ও পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সায়েন্সের শিক্ষার্থীদের গবেষণার সঙ্গে সম্পৃক্ত করা হবে। প্রতিযোগিতার মাধ্যমে গবেষণা তহবিল সংগ্রহের পাশাপাশি গবেষণার ফল মাঠপর্যায়ে কাজে লাগানো হবে।

এ সময় স্বাস্থ্যব্যবস্থা আধুনিকায়নের নানা পরিকল্পনা তুলে ধরেন ড. জিয়াউদ্দিন। বলেন, প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও শহরের ওয়ার্ডে স্বাস্থ্য ইউনিট গড়ে তোলা হচ্ছে। একই সঙ্গে হেলথ কার্ডকে ইলেকট্রনিক পেশেন্ট রেফারেন্স সিস্টেমের সঙ্গে যুক্ত করা হবে, যাতে রোগীদের অপ্রয়োজনে দূরবর্তী হাসপাতালে যেতে না হয়।

চিকিৎসাকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থাকে প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থায় রূপান্তর করার কথা জানিয়ে তিনি বলেন, স্ট্রোক, হৃদরোগ বা ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হওয়ার আগেই প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও প্রতিরোধে গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশের স্বাস্থ্য গবেষণার সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, আইসিডিডিআর,বির মতো প্রতিষ্ঠানের গবেষণা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করেছে। বিশেষ করে ডায়রিয়া ও কলেরা নিয়ে বাংলাদেশের গবেষণার সুফল বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে।

গবেষকদের মাঠপর্যায়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উপজেলা হাসপাতাল পরিদর্শন করে বাস্তব সমস্যা চিহ্নিত ও সমাধানের পথ বের করতে হবে। এক এলাকার সফল অভিজ্ঞতা অন্য এলাকায় ছড়িয়ে দিতে পারলে দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবার মান উন্নত হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আক্তার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ স্বাস্থ্যখাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড