তিন বছরে একদিনও অফিস করেননি ডা. সিফাত সুলতানা, কারণ দর্শানোর নোটিস
মেডিভয়েস রিপোর্ট: দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকার অভিযোগ উঠছে রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সিফাত সুলতানা বিরুদ্ধে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের শৃঙ্খলা-৩ শাখা থেকে জারি করা অভিযোগনামা এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য সচিব কামরুজ্জাম স্বাক্ষরিত অভিযোগনামায় বলা হয়েছে, অভিযুক্ত চিকিৎসক ডা. সিফাত সুলতানা (১৩৪০৭৮), যিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পীরগঞ্জ, রংপুরে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।
এতে বলা হয়, রংপুর সদর উপজেলা থেকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হলেও তিনি সেখানে যোগদান করেননি। বরং ২৯ মার্চ ২০২৩ থেকে অদ্যাবধি অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
স্বাস্থ্য সেবা বিভাগ বলছে, এ ধরনের আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী যথাক্রমে ‘অসদাচরণ (মিসকন্ডাক্ট)’ এবং ‘পলায়ন (ডিসারশন)’ হিসেবে বিবেচিত, যা শাস্তিযোগ্য অপরাধ।
এই প্রেক্ষাপটে অভিযোগের জবাবে কেন তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্ত বা অন্য কোনো উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে নোটিশ প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
একই সঙ্গে তিনি ব্যক্তিগত শুনানি গ্রহণ করতে ইচ্ছুক কি না, তাও লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের বিস্তারিত বিবরণ নোটিশের সঙ্গে সংযুক্ত রয়েছে।
প্রসঙ্গত, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী, কর্মস্থলে দীর্ঘদিন অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা এবং বদলিকৃত কর্মস্থলে যোগদান না করা গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হয়। এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে বরখাস্তসহ বিভিন্ন প্রশাসনিক শাস্তির বিধান রয়েছে।
►অভিযোগনামাটি দেখতে ক্লিক করুন
এমআই/