মেডিকেল শিক্ষার্থীদের সনদ সত্যায়ন সহজ করতে সচিবালয়ে হেল্পডেস্ক চালু
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে অধ্যয়নরত দেশি-বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়ন কার্যক্রম আরও সহজ ও সুশৃঙ্খল করতে বাংলাদেশ সচিবালয়ে একটি হেল্পডেস্ক স্থাপন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
প্রশাসন-১ শাখার সহকারী সচিব মো. হেলাল উদ্দিন ভূঁঞা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার ৩০ জুন ২০২৬ তারিখের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অধ্যয়নরত দেশি-বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা সনদ ও অন্যান্য কাগজপত্রের শতভাগ ডিজিটাল সত্যায়ন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে বাংলাদেশ সচিবালয়ের দর্শনার্থী গেটের বিদ্যমান ডেস্কের উপযুক্ত স্থানে চিকিৎসা শিক্ষা অনুবিভাগের আওতাধীন চিকিৎসা শিক্ষা-১ ও চিকিৎসা শিক্ষা-২ শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হেল্পডেস্ক পরিচালিত হবে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, চিকিৎসা শিক্ষা-১ শাখা সরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের এবং চিকিৎসা শিক্ষা-২ শাখা বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সনদ ও অন্যান্য কাগজপত্র সত্যায়নের কার্যক্রম পরিচালনা করবে।
প্রতিটি শাখায় রোস্টার ভিত্তিতে একজন করে সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর অথবা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়েছে, সত্যায়নের জন্য প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র জমা নেওয়া হবে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। আর সত্যায়ন সম্পন্ন হওয়া সনদ বিতরণ করা হবে একই দিনগুলোতে দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ অফিস আদেশ জারি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশটি দেখতে ক্লিক করুন
এমআই/