২৮ জুলাই, ২০২৬ ০১:১২ পিএম

পদোন্নতি পেলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শাফী

পদোন্নতি পেলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শাফী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য এবং সাংবাদিকদের দিয়ে হাসপাতালের শৌচাগার পরিষ্কার করানোর প্রস্তাব দিয়ে সমালোচিত সেই স্বাস্থ্য অধিদফতরের সেই উপ-পরিচালক (হাসপাতাল) ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফীকে ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) পরিচালক পদে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ওই কর্মকর্তাকে বদলিপূর্বক নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

একই আদেশে ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) বর্তমান পরিচালক ডা. মো. মোমিনুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এর আগে, গত ২৪ জুন ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী ফেসবুকে এক পোস্টে দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের টয়লেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত বলে মন্তব্য করেন। বিষয়টি আন্তঃমন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে আলোচনার প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেছিলেন। সমালোচনার মুখে পরে তিনি পোস্টটি মুছে ফেলেন।

এ ছাড়া, মেডিকেল টেকনোলজিস্ট ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সক্রিয় ভূমিকার কারণে চিকিৎসকদের সঙ্গে একাধিকবার প্রকাশ্য বিতর্কে জড়ান তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার অশালীন ও ইঙ্গিতপূর্ণ মন্তব্যসংবলিত কয়েকটি স্ক্রিনশটও ছড়িয়ে পড়ে, যা নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়।

এই বিতর্কের মধ্যেই নতুন করে তাকে আইপিএইচের পরিচালকের চলতি দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত