মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম: ইউএইচএফপিও ডা. কামাল হোসেন সাময়িক বরখাস্ত
মেডিভয়েস রিপোর্ট: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ সোমবার (২৭ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে, শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বাগেরহাট সদর, মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন। মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনের সময় তিনি পরিত্যক্ত ভবনের কক্ষ ও শৌচাগারে সরকারি ওষুধ, স্যালাইন, সুই, সিরিঞ্জসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী সংরক্ষিত অবস্থায় দেখতে পান। এছাড়া বায়োমেট্রিক হাজিরা রেজিস্টারে অসঙ্গতি এবং ইউএইচএফপিওর সরকারি বাসভবনে একটি বেসরকারি ক্লিনিক পরিচালনার অভিযোগও সামনে আসে। এ সময় মন্ত্রী বিষয়গুলোতে অসন্তোষ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
পরবর্তীতে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, পরিদর্শনে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন এবং শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়, যা স্বাস্থ্যসেবার সুনাম ক্ষুণ্ন করছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী অভিযোগের গুরুত্ব বিবেচনায় ডা. কামাল হোসেন মুফতিকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন এবং জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এমআর/