টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ২৬ ব্র্যান্ডের অভিযোগে তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
মেডিভয়েস রিপোর্ট: দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট দ্বৈত বেঞ্চে এ রিট দায়ের করেন।
রিটকারী আইনজীবী বলেন, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে প্রকাশিত গবেষণার বিষয়টি স্বাধীনভাবে তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জনস্বাস্থ্যের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট পণ্য বাজার থেকে প্রত্যাহারের আবেদন জানানো হবে।
এর আগে রোববার (২৬ জুলাই) পরিবেশবিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) এক সংবাদ সম্মেলনে তাদের এক বছরের গবেষণার ফলাফল প্রকাশ করে। গবেষণায় দাবি করা হয়, পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে।
সংস্থাটির তথ্যমতে, গবেষণার অংশ হিসেবে সারা দেশের দুই হাজার ৭৬০ জন ভোক্তার ওপর জরিপ পরিচালনার পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় স্টেরিওমাইক্রোস্কোপি ও ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে উৎপাদিত ২৫টি টুথপেস্টের মধ্যে ২২টিতে, ভারতে উৎপাদিত পাঁচটির মধ্যে একটিতে, থাইল্যান্ডে উৎপাদিত দুইটির মধ্যে একটিতে এবং ভিয়েতনামে উৎপাদিত দুইটি টুথপেস্টের উভয়টিতেই মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এ ছাড়া শিশুদের জন্য তৈরি ছয়টি টুথপেস্টের চারটিতেও এ উপাদানের উপস্থিতি পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বোচ্চ ৩২০টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে মেডিপ্লাস ফ্লুরাইড জেলে। এ ছাড়া ক্লোজ আপ রেড হট, ক্লোজ আপ মেন্থল ফ্রেশ, কুডুমু আল্ট্রা শিল্ড ফর্মুলা স্ট্রবেরি, সিগন্যাল গ্রিন টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট, হিমালয়া কমপ্লিট কেয়ার এবং সেনসোডাইন ফ্রেশ মিন্টেও বিভিন্ন মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে, গবেষণায় কয়েকটি টুথপেস্টে শনাক্তযোগ্য কোনো মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশে উৎপাদিত জেনফ্রেশ, প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো) এবং ক্লোজ আপ রেড হট জিংক ফ্রেশ টেকনোলজি। এছাড়া আমদানিকৃত শিশুদের টুথপেস্ট কুডুমু অরেঞ্জেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি বলে গবেষণায় দাবি করা হয়েছে।
এনএইচ/