চট্টগ্রামে চিকিৎসকদের অংশগ্রহণে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রামে চিকিৎসকদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। বুধবার (২২ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আয়োজন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), চট্টগ্রাম শাখা।
এবারের টুর্নামেন্টে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল প্রতিষ্ঠানের ১৬টি দলের প্রায় ১৫০ জন চিকিৎসক অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে মিরর ওয়ারিয়র্স, চিটাগং ভাইকিংস, পার্কভিউ হসপিটাল, ন্যাশনাল হসপিটাল, মেট্রোপলিটন হসপিটাল, ইউএসটিসি মেডিকেল, ইন্টারন্যাশনাল মেডিকেল, চমেক ডেন্টাল ইউনিট ও সিটি ডেন্টালসহ আরও কয়েকটি দল।
ডা. মুবিনুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ন্যাশনাল ডক্টরস ফোরামের জ্যেষ্ঠ সদস্য ডা. মো. ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্যাথোলজি বিভাগের অধ্যাপক ও এনডিএফের সিনিয়র সদস্য ডা. বাবুল ওসমান চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ এনডিএফের সভাপতি ও অর্থোপেডিক সার্জন ডা. মাহমুদুর রহমান এবং এনডিএফের সিনিয়র সদস্য ডা. আহমদ রহিম।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ এনডিএফের সদস্য ডা. মাজহারুল ইসলাম, ডা. দিদারুল আলম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাদ্দাত হোসাইনসহ ন্যাশনাল ডক্টরস ফোরামের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক চিকিৎসক।
আয়োজকরা জানান, চিকিৎসকদের মধ্যে ভ্রাতৃত্ব, সুস্বাস্থ্য, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও জোরদার করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিন থেকেই খেলা ঘিরে অংশগ্রহণকারী চিকিৎসকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এনএইচ/এমইউ