ইসরাইলের গুলিতে ফিলিস্তিনি ফুটবলার নিহত
মেডিভয়েস রিপোর্ট: অধিকৃত পশ্চিম তীরের একটি গ্রামে অবৈধ ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ফিলিস্তিনি ফুটবলার ফাদি হামদাল্লাহ আল-নাসান (১৭) নিহত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় রামাল্লার একটি হাসপাতালে তিনি মারা যান। তার পরিবার ও স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে।
আল-নাসান ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের সদস্য ছিলেন এবং স্থানীয় আল-মুঘাইয়ির ক্লাবের হয়ে খেলতেন।
আল জাজিরার তথ্য অনুযায়ী, গত ১১ জুলাই পশ্চিম তীরের আল-মুঘাইয়ির গ্রামে ফিলিস্তিনের অধিবাসী ও ইসরাইলি অবৈধ বসতিস্থাপনকারীদের সাথে সংঘর্ষের সময় ফাদি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) দাবি, বসতিস্থাপনকারীদের হামলার সময় ইসরাইলি বাহিনীর ছোড়া গুলি ফাদির উরুতে লাগে। আঘাত এতটাই গুরুতর ছিল তার একটি পা কেটে ফেলতে হয়। নিবিড় চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
শনিবার তার লাশ নিজ গ্রাম আল-মুঘাইয়িরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে দাফন করা হয়।
পিএফএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফাদির মৃত্যুর মধ্য দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ১৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৬৮ জন ফিলিস্তিনি ফুটবল অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন।’
ফাদির মা হানান আল-নাসান বলেন, ‘সে ভালো ছাত্র ছিল, খেলাধুলায় ভালো ছিল এবং ফুটবল খেলতে ভালোবাসত।’
এই তরুণ ফুটবলারের মৃত্যুর পর পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি বসতিস্থাপনকারী ও সেনাদের সহিংসতার চিত্র নতুন করে সামনে এসেছে।
১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনের জর্ডান নদীর পশ্চিম তীর ইসরাইল জবর দখল করে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত হলেও সেখানে ইসরাইলি বসতি স্থাপন কার্যক্রম দিন দিন সম্প্রসারিত হচ্ছে।
এইউ/এমইউ