হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
আজ শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত এক দিনে নতুন করে ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ২৯ জন নতুন রোগী শনাক্ত ও উপসর্গযুক্ত হিসেবে নথিভুক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৩২৬ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে এক লাখ নয় হাজার ৮৯৯ জনের মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে।
এ সময়ে হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে মোট ৯২ হাজার ৮৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৯ হাজার ২৩৪ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
অন্যদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম এবং হামের উপসর্গ মিলিয়ে মোট ৭৫০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হামের উপসর্গে মৃ্ত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এনএইচ/