২৫ জুন, ২০২৬ ০৯:২৩ পিএম

দুই গোলে যশোর মেডিকেল কলেজকে হারিয়ে জয়ী সাতক্ষীরা মেডিকেল

দুই গোলে যশোর মেডিকেল কলেজকে হারিয়ে জয়ী সাতক্ষীরা মেডিকেল
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফিফা বিশ্বকাপের আবহে ফুটবল উন্মাদনায় মেতেছে দেশের ক্রীড়াপ্রেমীরাও। এরই অংশ হিসেবে সাতক্ষীরা মেডিকেল কলেজ স্পোর্টস ক্লাব (এসএমসি অ্যাটলেটিকোস) এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) সাতক্ষীরা মেডিকেল কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

এতে মুখোমুখি হয় যশোর মেডিকেল কলেজ ও সাতক্ষীরা মেডিকেল কলেজ। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচে নিজেদের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ২-০ গোলের জয় তুলে নেয় স্বাগতিক সাতক্ষীরা মেডিকেল কলেজ।

সাতক্ষীরা মেডিকেল কলেজের হয়ে গোল করেন নাবিল আরাফাত ও সামিউর রহমান সৌহার্দ্য। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

এ সময় আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা বৃদ্ধি, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

ম্যাচটি উপভোগ করতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা মাঠে উপস্থিত ছিলেন। দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য, প্রতিযোগিতামূলক মনোভাব এবং খেলোয়াড়সুলভ আচরণ দর্শকদের মুগ্ধ করে। প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে ম্যাচটি সফলভাবে সম্পন্ন হয়।

এনএইচ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত