২২ জুন, ২০২৬ ০৪:০৮ পিএম

হাম উপসর্গে সারাদেশে আরও তিন শিশুর মৃত্যু

হাম উপসর্গে সারাদেশে আরও তিন শিশুর মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও তিন শিশু মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে শনাক্ত হওয়া কোন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৬২ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত রোগীর সংখ্যা এগারো হাজার ২৫ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৯০ জন শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৩ জন শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৮৩ জন শিশু মারা গেছে।

এ ছাড়া, ২৪ ঘণ্টায় ১৬০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৬৫। এই সময়ে ৮৮৪ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১৩৬ জন শিশু।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৩ হাজার ৭৫৫ জন, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ১৭১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৭ হাজার ৭৪৩ রোগী, যাদের মধ্যে ৭৩ হাজার ৯৮৫ জন ছাড়া পেয়েছেন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হামের উপসর্গে মৃ্ত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এনএইচ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত