বিএমইউর বাজেটে লিভার ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট সম্প্রসারণে অগ্রাধিকার
মেডিভয়েস রিপোর্ট: দেশের মানুষের জন্য উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ক্যান্সার, লিভার ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টসহ বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।
আজ বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে অর্থ কমিটির সভায় উন্নয়ন বাজেটের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, কার্যক্রম এবং আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করা হয়।
সভায় গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে নীড বেইসড অ্যাসেসমেন্টের ভিত্তিতে স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যসম্পন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে বিএমইউর গবেষণা কার্যক্রমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে অধিক বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ সময় বক্তব্যে বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বিশ্ববিদ্যালয়কে সততা, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্তভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। তারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের কল্যাণে বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
প্রস্তাবিত বাজেটে মেডিকেল জার্নাল, ইনফেকশন কন্ট্রোল, লাইব্রেরি এবং তথ্যসেবা খাতে বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ক্যান্সার রোগীদের রেডিওথেরাপি সেবা সম্প্রসারণে নতুন একটি লিনিয়ার এক্সিলারেটর মেশিন কেনার পরিকল্পনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) এবং অর্থ কমিটির সদস্যসচিব খন্দকার শফিকুল হাসান বলেন, ক্যান্সার আক্রান্ত রোগীদের আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে অতিরিক্ত একটি লিনিয়ার এক্সিলারেটর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় আরও জানানো হয়, লিভার ট্রান্সপ্ল্যান্টেশন ও পূর্ণাঙ্গ বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনসহ জীবনরক্ষাকারী উন্নত চিকিৎসাসেবাগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং এসব কার্যক্রমের জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করা জরুরি।
সভায় অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. মাসুদ আলম, নাছির উদ্দিন ভূঁঞা, মোহাম্মদ বদরুল হুদা এবং সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ আবু নাজিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এনএইচ/