চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে পাবনায় স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন
মেডিভয়েস রিপোর্ট: শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদ এবং চিকিৎসা সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবিতে পাবনায় মানববন্ধন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখা, ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ) এবং পাবনা মেডিকেল কলেজ ছাত্রদল।
আজ রোববার (১৭ মে) দুপুরে পাবনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকরা দিনরাত রোগীদের সেবায় নিয়োজিত থাকলেও বর্তমানে বিভিন্ন হাসপাতালে তারা নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করছেন। শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে চিকিৎসা সুরক্ষা আইন দ্রুত কার্যকর করার আহ্বান জানান। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।
ড্যাব পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন গাইনি বিশেষজ্ঞ ডা. শামীম খাতুন পলি, আইডিএ পাবনা জেলা শাখার সভাপতি ডা. তামিম ইসলাম, সাধারণ সম্পাদক ডা. তানিয়া তাজনিম, পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. সাগর মাহমুদ এবং সাধারণ সম্পাদক হাবিবুল শুভ।
এসময় উপস্থিত ছিলেন ডা. সিরাজুল আলম রাকিব, ডা. শামসুল আলম মালিথা, ডা. হাসানুজ্জামান টুটুল, ডা. ফাহমিদুল হাসান নুরসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।
এনএইচ/টিআই