১৬ মে, ২০২৬ ০৭:৩৫ পিএম

শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএমইউর

শরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বিএমইউর
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক মো. নাসির উদ্দিনের ওপর সংঘটিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

আজ শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ধীমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এ নিন্দা জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, গত ১৫ মে বৃহস্পতিবার দিবাগত রাতে জরুরি বিভাগে দায়িত্ব পালনকালে মুমূর্ষু এক রোগীর মৃত্যুর পর প্রায় ১৫০ থেকে ২০০ জনের একটি সংঘবদ্ধ দল চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলা চালায়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।

প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়, ডা. নাসির নিউরোসার্জারি বিভাগের ফেইজ-এ রেসিডেন্সি প্রোগ্রামের ফাইনাল পরীক্ষার্থী এবং ৪৮তম বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক হিসেবে শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত আছেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। একই সঙ্গে ভবিষ্যতে কর্তব্যরত চিকিৎসকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

প্রতিবাদলিপিতে ডা. নাসির উদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করা হয় এবং তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের ন্যাক্কারজনক হামলা শুধু একজন চিকিৎসকের ওপর নয়, বরং পুরো স্বাস্থ্যব্যবস্থার ওপর আঘাত। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত