গাজী মেডিকেলে অসচ্ছল রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার
মেডিভয়েস রিপোর্ট: খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত রোগীদের জন্য একটি ‘ফ্রি অপারেশন ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল অস্ত্রোপচারের রোগে ভোগা ১০ জন অসচ্ছল রোগীর সম্পূর্ণ বিনা খরচে সফল অস্ত্রোপচার সম্পন্ন করা হয় ক্যাম্পে।
বৃহস্পতিবার ( ১৪ মে) হাসপাতালের সার্জারি বিভাগের অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়। এসময় রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ এবং অস্ত্রোপচার পরবর্তী চিকিৎসাসেবাও বিনামূল্যে প্রদান করা হয়।
দিনব্যাপী এই ফ্রি অপারেশন ক্যাম্প পরিচালনা করেন ডা. গাজী মিজানুর রহমান, ডা. প্রশান্ত কুমার বিশ্বাস ও ডা. মুরাদ হাসান। ক্যান্সার, ব্রেস্ট টিউমার, কিডনিতে পাথর, পিত্তথলিতে পাথরসহ নানা জটিল রোগের অস্ত্রোপচার সম্পন্ন করা হয় ক্যাম্পটিতে।
এ বিষয়ে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান মেডিভয়েসকে বলেন, ‘মানবিক দায়বদ্ধতা থেকে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল প্রতি বছর কয়েকটি ফ্রি অপারেশন ক্যাম্পের আয়োজন করে থাকে। বছরে প্রায় একশোর বেশি অপারেশন সম্পন্ন করা হয়। আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসচ্ছল রোগীদের সার্জারি বিভাগের বিশেষজ্ঞরা বাছাই করে থাকে। সেই অনুসারে গতকাল একটি ফ্রি অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে ১০ জন রুগীর সফল অপারেশন করা হয়।’
তিনি আরও বলেন, ‘অপারেশনের সকল আনুষঙ্গিক খরচ হাসপাতাল থেকে বহন করা হয়। অপারেশন পরবর্তীতে ওষুধের ব্যবস্থাও হাসপাতাল থেকে করা হয়। বাড়িতে যাওয়ার সময় রোগীদেরকে দুই হাজার টাকা দেওয়া হয় পুষ্টিকর খাবার খাওয়ার জন্য।
গাজী মিজানুর রহমান বলেন, ‘প্রতি বুধবার হাসপাতালের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ২০১৪ থেকে এটি চলমান রয়েছে। প্রতি বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত এই কার্যক্রম চলে। এই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকেই মূলত অসচ্ছল রোগীদের অপারেশনের জন্য বাছাই করা হয়।’
হাসপাতাল সূত্রে জানা যায়, এই মেডিকেল কলেজে বছরের বিভিন্ন সময়ে বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়। কিন্তু যেসব জটিল রোগ রয়েছে সেগুলোর অস্ত্রোপচার ‘ফ্রি অপারেশন ক্যাম্প’ করে করা হয়। বছরে দুইবার এই ক্যাম্পের আয়োজন হয়ে থাকে। হাসপাতালে অসচ্ছল রোগীদের জন্য ১০% ফ্রি শয্যা রয়েছে। এর মাধ্যমে শতাধিক অসচ্ছল রোগী উন্নত চিকিৎসাসেবা ও অস্ত্রোপচারের সুযোগ পান। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান হাসপাতাল সংশ্লিষ্টরা।
এমআর/