চিকিৎসা, গবেষণা ও প্রশিক্ষণ জোরদারে বিএমইউ-চীনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সঙ্গে লিভার ট্রান্সপ্লান্ট, ক্যান্সারের আধুনিক চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ কর্মসূচি ও একাডেমিক সহযোগিতা জোরদারে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে চীনের জিয়ান জিয়াওটং বিশ্ববিদ্যালয়।
আজ বৃহস্পতিবার (৭ মে) বিএমইউর ভাইস চ্যান্সেলরের (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সঙ্গে তাঁর নিজ কার্যালয়ে সাক্ষাৎ করে জিয়ান জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞসহ একটি উচ্চ পর্যায়ের চীনা প্রতিনিধি দল এ সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এ সময় চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া বিএমইউতে একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার রিসার্চ ইনস্টিটিটিউট প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও শক্তিশালী করাসহ স্বাস্থ্যখাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশে চীনের প্রতিনিধি দলটি সফর করছেন। এই সফরের প্রধান উদ্দেশ্য হলো ক্লিনিক্যাল চিকিৎসা প্রযুক্তির রূপান্তরে সহযোগিতা প্রদান, চিকিৎসা মানবসম্পদ উন্নয়ন, যৌথ বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করা, আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করা, চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যপেশাজীবীদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচিতে সহায়তা দান ইত্যাদি।
ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎকালে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তাফা কামাল, অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, হেপাটোবিচলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. মোহছেন চৌধুরী, চীনের খ্যাতনামা অনকোলজিস্ট অধ্যাপক ইউ জ্বী এবং হেপাটোবিলিয়ারি সার্জন জিয়ান জুফেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেএইচ/টিআই