‘বিশ হাজার প্রশিক্ষিত মিডওয়াইফের বিপরীতে কর্মরত আড়াই হাজার’
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে বর্তমানে প্রায় ২০ হাজার প্রশিক্ষিত মিডওয়াইফের প্রয়োজন হলেও সরকারিভাবে কর্মরত আছেন মাত্র আড়াই হাজার। এই ঘাটতি পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্টজনরা।
আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (৫ মে) রংপুর নার্সিং কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
‘বিশ্বব্যাপী মাতৃসেবায় আরও ১০ লাখ মিডওয়াইফ প্রয়োজন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের আয়োজন করে রংপুর নার্সিং কলেজ স্টুডেন্ট মিডওয়াইভস ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
বক্তারা বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমাতে দক্ষ মিডওয়াইফদের ভূমিকা অপরিহার্য। টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে মিডওয়াইফদের প্রশিক্ষণ, নিয়োগ এবং কর্মপরিবেশ উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষ সুফিয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আশিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন রমেকের গাইনি বিভাগের প্রধান ডা. সফুরা বেগম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের রংপুর জেলা সভাপতি এবং রমেক হাসপাতালের নার্সিং উপসেবা তত্ত্বাবধায়ক নাজমা নাহার বেগমসহ আমন্ত্রিত অতিথিরা।
সভা শেষে কলেজ প্রাঙ্গণে মা ও শিশু নবজাতক স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করা হয়। এখানে স্থানীয় জনগণকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
এমআর/এমইউ