০৩ মে, ২০২৬ ০৭:০৫ পিএম
হোস্টেল হস্তান্তরের দাবি

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সোহরাওয়ার্দী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সোহরাওয়ার্দী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: হোস্টেল হস্তান্তরের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আজ রোববার (৩ মে) দুপুর ১২টা থেকে এ কর্মসূচি পালন করছেন তারা।

ইন্টার্ন হোস্টেলে আবাসন সংকট ও নারী ইন্টার্নদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় তুলে ধরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৪ সালের আগস্ট পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন হোস্টেলে সামরিক বাহিনী প্রায় ২ (দুই) বছর যাবৎ অবস্থানরত। তাদের অবস্থানের ফলে বর্তমানে ইন্টার্নসহ সকল শিক্ষার্থীদের জন্য তীব্র আবাসন সংকট সৃষ্টি হয়েছে, যা আমাদের স্বাভাবিক ও নিরাপদ বসবাসকে ব্যাহত করছে।’

‘বিশেষ করে নারী ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা বাধাগ্রস্ত হওয়ায় দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে এই দাবি উঠেছে।’

‘দুঃখজনকভাবে, একাধিকবার হাসপাতাল প্রশাসন ও সামরিক বাহিনীর প্রতিনিধিত্বের সাথে আলোচনার পরও অদ্যাবধি কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি’—বলা হয় বিজ্ঞপ্তিতে। 

চিকিৎসকরা বলেন, ইন্টার্ন হোস্টেল হতে সামরিক বাহিনীর দ্রুত প্রস্থান ও আবাসন সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ (আটচল্লিশ) ঘণ্টার সময়সীমা প্রদান করা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

এই পরিস্থিতিতে আজ দুপুর ১২টা থেকেই ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের সব ধরনের সেবা প্রদান থেকে বিরত রয়েছেন। এর ফলে হাসপাতালের নিয়মিত চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

চিকিৎসকদের দাবি, যত দ্রুত সম্ভব হোস্টেল দখলমুক্ত করে শিক্ষার্থীদের অনুকূলে ফিরিয়ে দিতে হবে। কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত কোনো সমাধান না আসলে এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।

এমইউ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত