১৫ এপ্রিল, ২০২৬ ১১:১৫ পিএম

বিএমইউ ভিসির সঙ্গে চীনের কাউন্সিলরের সাক্ষাৎ, জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর উদ্যোগ

বিএমইউ ভিসির সঙ্গে চীনের কাউন্সিলরের সাক্ষাৎ, জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর উদ্যোগ
বিএমইউ ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সঙ্গে চীনের কালচারাল কাউন্সিলর মি. লি. শারপেন ও থার্ড সচিব মি. ঝু ইয়ংয়ের সাক্ষাৎ।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের কালচারাল কাউন্সিলর মি. লি. শারপেন ও থার্ড সচিব মি. ঝু ইয়ং। আজ বুধবার (১৫ এপ্রিল) তাঁর কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা। 

চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সহায়তায় বিএমইউতে জয়েন্ট সার্জারি ক্লিনিক চালুর উদ্যোগসহ এ সময় উচ্চতর মেডিকে শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক গবেষণা ও সর্বাধুনিক চিকিৎসাসেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। শিগগিরই এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের (এমওইউ) বিষয়ে আলোচনা হয়।

এ সময় জানানো হয়, চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির ইউরোলজি বিশেষজ্ঞ চারজন সম্মানিত ফ্যাকাল্টি চলতি মাসেই বিএমইউতে আসবেন এবং তারা ইউরোলজির বিষয়ে বিভিন্ন জটিল অপারেশন, চিকিৎসাসেবার বিষয়ে প্রশিক্ষণ প্রদান, অভিজ্ঞতা বিনিময়সহ মূল্যবান জ্ঞান বিতরণ ও শিক্ষা দান করবেন।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, সুপার স্পেশালাইজড হাসপাতালের উপ-পরিচালক ডা. মাহবুবুল ইসলাম খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন বিএমইউ ভিসির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ে প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা দিবস উপলক্ষে গত বছর অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংক্রামক রোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম আয়োজকদের পক্ষ থেকে অধ্যাপক ব্রায়ান অ্যাঙ্গাসকে একটি প্রশংসাপত্র প্রদান করেন। 
এ সময় আইকিউএসির অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. দীনে মুজাহিদ মো. ফারুক ওসমানী, সহযোগী অধ্যাপক ডা. আবুল ওবাইদা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ব্রায়ান অ্যাঙ্গাস যুক্তরাজ্যেও ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের সংক্রামক রোগ বিভাগের রিডার এবং মেডিকেল এডুকেশনের প্রফেসর অব প্র্যাকটিস হিসেবে কর্মরত। তিনি অক্সফোর্ড সেন্টার ফর ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড গ্লোবাল হেলথের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

১৯৯৩ সালে নাফিল্ড ডিপার্টমেন্ট অব ক্লিনিক্যাল মেডিসিনে যোগদানের পর তিনি থাইল্যান্ড ও ঘানায় গুরুতর ম্যালেরিয়া ও মেলিওইডোসিস নিয়ে গবেষণা করেন।

বর্তমানে তাঁর গবেষণার মূল ক্ষেত্র ক্লিনিক্যাল ট্রায়াল ও ভ্যাকসিন উন্নয়ন, বিশেষ করে কোভিড-১৯, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি, ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম এবং এন্টারিক জ্বর নিয়ে। তিনি মেডিসিনের ক্লিনিক্যাল টিউটর এবং সম্মানসূচক সিনিয়র ক্লিনিক্যাল সায়েন্টিস্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

বিএমইউর এ ধরনের উদ্যোগ ও আন্তর্জাতিক অংশগ্রহণ ভবিষ্যতে শিক্ষা ও গবেষণায় আরও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত