ওষুধ লেখা নিয়ে ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরাপত্তার কারণ দেখিয়ে জরুরি বিভাগের চিকিৎসাসেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আজ বুধবার (৮ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ সংঘর্ষের ঘটনা ঘটে হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ব্যথাজনিত সমস্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের জেনারেল সার্জারি ডেস্কে চিকিৎসা নিতে আসেন। দায়িত্বরত চিকিৎসক চিকিৎসক তাকে একটি ব্যথানাশক ইনজেকশন লিখে দেন, তবে সেটি হাসপাতালে সরবরাহে না থাকায় বাইরে থেকে কিনতে বলা হয়।
পরে ওই শিক্ষার্থী আশপাশের কোনো ফার্মেসিতে ওষুধটি না পেয়ে আবার জরুরি বিভাগে ফিরে আসেন। তিনি চিকিৎসককে অন্য কোম্পানির বিকল্প ওষুধ লিখে দেওয়ার অনুরোধ জানান। এ নিয়ে চিকিৎসকের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা ধাক্কাধাক্কি ও মারধরের পর্যায়ে গড়ায় বলে জানা গেছে। এতে জরুরি বিভাগের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ মেডিভয়েসকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ব্যথা নিয়ে জরুরি বিভাগে এলে তাকে একটি ইনজেকশন লিখে দেওয়া হয়, যা হাসপাতালে না থাকায় বাইরে থেকে কিনতে বলা হয়।
পরে ওষুধটি না পেয়ে শিক্ষার্থী ফিরে এসে বিকল্প ওষুধ লিখে দিতে বললে চিকিৎসকের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও মারধরের পর্যায়ে গড়ায়, এতে জরুরি বিভাগে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
টিআই/