০৮ এপ্রিল, ২০২৬ ০৭:৪৭ পিএম
নিরাপদ কর্মস্থলের দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

দিনাজপুর মেডিকেলে চিকিৎসক ও নার্সের উপর হামলার অভিযোগ

দিনাজপুর মেডিকেলে চিকিৎসক ও নার্সের উপর হামলার অভিযোগ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোগীর স্বজনদের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে হাসপাতালের শিশু মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রেক্ষিতে হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পরিচালকের দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ‘হাসপাতালের শিশু ওয়ার্ডে মুরসালিন (৩মাস) নামের একটি শিশু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শিশুটি গত রবিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। শিশুটির মৃত্যুর পর তার পিতা রানা (বিবাদী), চাচা এবং তাদের সাথে আসা অজ্ঞাত আনুমানিক ১৫-১৬ জন আত্মীয়-স্বজন ভুল চিকিৎসার অপবাদ দিয়ে হাসপাতালের পরিবেশ উত্তপ্ত করে তোলে। তারা সরকারি কাজে বাধা প্রদান করে, হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত করে এবং দায়িত্বরত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হমকি প্রদান করে। এক পর্যায়ে তারা দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্সকে শারীরিকভাবে হেনস্থা করে, তার হিজাব ছিঁড়ে ফেলে এবং দায়িত্বরত চিকিৎসকের চোখ উপড়ে ফেলার হুমকি দেয়।’

প্রায় তিন ঘণ্টা ধরে এ ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি চলতে থাকায় অন্যান্য রোগীদের চিকিৎসা সেবায় গুরুতর ব্যাঘাত ঘটে। বিষয়টি আমাকে অবহিত করা হলে আমি তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করি। সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশের উপস্থিতিতেও অভিযুক্তরা হুমকি-ধামকি প্রদান করতে থাকে।

অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তক্ষেপ কামনা করে বলা হয়, ‘ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন। তারা হলেন-মোছা, কবিতা খাতুন (ভিকটিম), সিনিয়র স্বাফ নার্স, মঞ্জু রানী সৌমিক (প্রত্যক্ষদর্শী), সিনিয়র স্টাফ নার্স, সানজিদা আক্তার স্মৃতি (ইন্টার্ন নার্স) এবং সৌরভ রায় (ওয়ার্ড বয়)। ডা. জাকি, ডা. তিতলী, ডা. আনিদা, ডা. নুরুল, ডা. মাশিয়া, ডা. অনন্যা, ডা. আলিফ, ডা. আলভীর, তা, অনিক, ডা. বাপ্পা, ডা. ইনাম এবং ডা. ইয়াশ (হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক)।’

এ ঘটনার প্রতিবাদে ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা আজ বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে কর্মবিরতি পালন করছেন।

ইন্টার্ন চিকিৎসক ডা. আসাদুল্লাহ আনসারী বলেন, ‘আমাদের এখন একটাই দাবি—কর্মক্ষেত্রে দৃশ্যমান নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আর ডিউটিতে যোগদান করবো না।’

চিকিৎসকদের এই কর্মবিরতিতে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে, এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগীরা।

তবে প্রশাসনের দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাসে আজ রাত থেকে ডিউটি শুরু করবেন বলে জানিয়েছেন ইন্টার্নরা চিকিৎসকেরা।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত