০৭ মার্চ, ২০২৬ ০৯:৩৩ পিএম

দিনাজপুর মেডিকেলে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুর মেডিকেলে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিবয়েস রিপোর্ট: দিনাজপুর মেডিকেল কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) কলেজের ডা. ইউসুফ আলী ছাত্রাবাসের শহীদ আবরার ফাহাদ ভবনের ছাদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, ইফতার মাহফিলে প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রফেশনাল পরীক্ষায় অনার্স ও শীর্ষ র‍্যাংক অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুসা মিয়ার সভাপতিত্বে এবং সংগঠনের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মো. মাহফুজুল হক (মামুন)। এছাড়া বিভিন্ন অতিথি ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। ইফতার ও মাগরিবের নামাজ শেষে উপস্থিতদের জন্য ফুচকা ও চায়ের আয়োজন করা হয়। পাশাপাশি নির্দিষ্ট ফটো বুথে শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক ছবি তোলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা ইসলামী সংগীত পরিবেশন করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আড্ডা ও গল্পের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দিনাজপুর মেডিকেলের ৩১তম ব্যাচের শিক্ষার্থী মো. মাজহারুল ইসলাম বলেন, ‘আজকের ইফতার মাহফিল অনেক ভালো ছিল। এই আয়োজন আমাদের সৌহার্দ্য ও সম্প্রীতির একটি প্রতীক। দল-মত নির্বিশেষে সবাই এখানে অংশগ্রহণ করেছে—এমন মিলনমেলা সত্যিই প্রশংসনীয়।”

আরেক শিক্ষার্থী শিহাব হোসাইন নোমান বলেন, ‘সিনিয়র-জুনিয়র সবাই একসঙ্গে অংশ নিতে পেরেছি। শিক্ষার্থী-বান্ধব এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।’

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত