পদত্যাগের পরদিন ফের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান
মেডিভয়েস রিপোর্ট: পদত্যাগের এক দিনের মাথায় আবারও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। আজ বৃহস্পতিলবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানা গেছে।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নম্বর: ০৪.০০.০০০০.৪২১.৮৪.০০৮.২৪.০১-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা Rules of Business, 1996 এর rule 3B (i) অনুযায়ী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করেছেন। Rules of Business, 1996 এর rule 3B(iia) অনুযায়ী তাঁকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো।’
‘বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’—বলা হয় প্রজ্ঞাপনে।
এর আগে গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান পদত্যাগপত্র জমা দেন বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়।
রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন জানিয়ে এতে আরও বলা হয়, এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
জানতে চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান মেডিভয়েসকে বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) ডা. সায়েদুর রহমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে তার শেষ কার্যদিবস ছিল ৩০ ডিসেম্বর। মূল পদ থেকে অবসর নেওয়ার জন্য তিনি বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করেন।
সরকারি বিধি অনুসরণের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদ থেকে অবসর নেন ডা. সায়েদুর রহমান। এর পর তাকে নতুন করে আবারও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয় সরকার।
এমইউ/