বীকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালকের মৃত্যুতে বাপির শোক
মেডিভয়েস রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ এবাদুল করিমের (৬৯) শোক জানিয়েছে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির (বাপি)। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে এ শোক জানায় ঔষধ শিল্প সমিতি।
বাপি সেক্রেটারি ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির (বাপি) সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য, বর্তমানে সমিতির উপদেষ্টা, বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় সংসদ সদস্য এবং বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ এবাদুল করিম (৬৯) বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক জটিলতার কারণে ১১ ডিসেম্বর ২০২৫ ইং, বৃহস্পতিবার সকাল ৯:০০ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।’
‘বাংলাদেশের ঔষধ শিল্পের উন্নয়নে মোহাম্মদ এবাদুল করিমের অসামান্য অবদান আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। তাঁর মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সম্মানিত সভাপতি, উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদসহ সকল সাধারণ সদস্যের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোক-সন্তপ্ত বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি’—যোগ করা হয় শোকবার্তায়।
এমইউ/