ইউএস-বাংলা মেডিকেলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
মেডিভয়েস রিপোর্ট: ইউএস-বাংলা মেডিকেল কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে কলেজের অডিটোরিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন বিষয়ে মেধার স্বাক্ষর রাখা মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয় এবং ভবিষ্যতে আরও উৎকর্ষ অর্জনে তাদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীদের ভবিষ্যতে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জনে আরও উৎসাহিত করতে ২০২৬ সালের জানুয়ারি মাসে মালয়েশিয়ায় বিশেষ স্টাডি ট্যুরের ঘোষণা দেওয়া হয়। এই স্টাডি ট্যুরে শিক্ষার্থীরা মালয়েশিয়ার দুটি খ্যাতনামা মেডিকেল বিশ্ববিদ্যালয়—ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (এমএসইউ) ও ইউনিভার্সিটি টেকনোলজি মারাতে (ইউআইটিএম) একাডেমিক ভিজিটের সুযোগ পাবেন। ট্যুরে তারা আধুনিক শিক্ষাদান পদ্ধতি, কারিকুলাম, ল্যাবরেটরি সুবিধা, গবেষণা কার্যক্রম ও স্টুডেন্ট-সাপোর্ট সিস্টেম সরাসরি পর্যবেক্ষণ করবে।
এছাড়া ইউএস-বাংলা মেডিকেল কলেজের নির্বাচিত কৃতি শিক্ষার্থীরা দুই সপ্তাহের স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যা তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা, দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্তৃপক্ষ জানায়, শুরু থেকেই শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা, আধুনিক মেডিকেল প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জনে সুযোগ সৃষ্টি করে ইউএস-বাংলা মেডিকেল কলেজ ভবিষ্যতের মানবিক ও দক্ষ চিকিৎসক তৈরিতে কাজ করে যাচ্ছে ইউএস-বাংলা মেডিকেল কলেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গর্ভনিং বডির চেয়ারম্যান ডা. মাহাবুব ঢালী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ব্রিগে. জেনা. ডা. মোঃ আজিজুল ইসলাম (অব.)।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডা. মো. এনায়েত করিম, পরিচালক মেজর ডা. এ কে এম মাহবুবুল হক (অব.), সার্জারি বিভাগের অধ্যাপক ব্রিগে. জেনা. ডা. মোঃ আব্দুল মতিন (অব.), মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. স্বপ্না ভট্টাচার্য্য, অবস ও গাইনী বিভাগের অধ্যাপক ডা. রওশন আরা খানম, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ডা. আবিদা আহমেদ এবং পেডিয়াট্রিক্স বিভাগের অধ্যাপক ব্রিগে. জেনা. মাহবুবা সুলতানা (অব.)।
বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিকিৎসা পেশায় সততা, মানবিকতা ও দক্ষতা অর্জনের আহ্বান জানান।
এমইউ/