০৩ ডিসেম্বর, ২০২৫ ০৬:০৯ পিএম

খালেদা জিয়ার চিকিৎসা: যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান ঢাকায়

খালেদা জিয়ার চিকিৎসা: যুক্তরাজ্যের চিকিৎসক দলের প্রধান ঢাকায়
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজের বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান রিচার্ড বেলে ঢাকায় পৌঁছেছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দেয়। এর পর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সংকটময় অবস্থায় গত ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতত্বে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে।

এভারকেয়ার হাসাতালের একটি সূত্র জানায়, বর্তমানে বাংলাদেশি মেডিকেল বোর্ডের সাথে চীনের ১০ সদস্যের একটি চিকিৎসক টিমও কাজ করছে।

সিসিইউতে চলমান চিকিৎসায় খালেদা জিয়া সাড়া দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিসক এজেডএম জাহিদ হোসেন।

তিনি জানান, আমেরিকা, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান ও ইন্ডিয়াসহ আমাদের বন্ধুপ্রতীম অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার ব্যাপারে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থানের পর গত ৬ মে দেশে ফেরেন তিনি। এরপর শারীরিক নানা জটিলতায় একাধিকবার তাঁকে হাসপাতালে যেতে হয়েছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বেগম খালেদা জিয়া
  এই বিভাগের সর্বাধিক পঠিত