লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন
মেডিভয়েস রিপোর্ট: লাখ লাখ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম এই জানাজায় অংশ নিতে আসা জনস্রোত সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কয়েক কিলোমিটার আঁছড়ে পড়ে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে অনুষ্ঠিত এ জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ দেশি-বিদেশি শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষ বিদায়ে বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া অংশ নেন ৩২ দেশের কূটনীতিক।
দেশের নেতাদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিন বাহিনীর প্রধানগণ, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ জানাজায় শরিক হন। জানাজায় নারীদের জন্যও বিশেষ ব্যবস্থা ছিল।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার আগে তাঁর জীবন ও কর্ম সবার উদ্দেশে তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ ছাড়া পরিবার ও দলের পক্ষে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি জানাজা শুরুর আগে আবেগঘন ওই বক্তব্যে মায়ের জন্য দোয়া ও তার পক্ষে ক্ষমা চান।
এদিন বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে বুধবার সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নামে।
সরেজমিনে দেখা যায়, জনস্রোত জাতীয় সংসদ এলাকা ছাড়িয়ে খামারবাড়ি, আসাদগেট ও ফার্মগেটসহ আশপাশের প্রতিটি এলাকায় ছড়িয়ে পড়ে।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জায়গা না পেয়ে আশপাশের এলাকার রাস্তাতেই লাইন বেঁধে দাঁড়িয়ে জানাজায় অংশ নেন হাজারো মানুষ। ফলে জানাজার সাড়ি কারওয়ান বাজার, বিজয় সরণি, ধানমন্ডি থেকে আগারগাঁও পর্যন্ত পৌঁছে যায়।
এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে বেগম খালেদা জিয়ার লাশ মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনা হয়। এ সময় সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহের সঙ্গে লাল-সবুজ রঙের বাসে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান ও পরিবারের অন্য সদস্যরা জানাজাস্থলে উপস্থিত ছিলেন।
জানাজা উপলক্ষে সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র্যাবের পাশাপাশি ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
জানাজা শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে নেওয়া হয়। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে আজ বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এমইউ/
-
৩১ ডিসেম্বর, ২০২৫
-
৩১ ডিসেম্বর, ২০২৫
-
৩০ ডিসেম্বর, ২০২৫
-
৩০ ডিসেম্বর, ২০২৫
-
১৮ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
এভার কেয়ারে বিফ্রিংয়ে ডা. জাহিদ
খালেদা জিয়া সুস্থ আছেন, বিদেশ যাওয়া শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল
-
০৪ ডিসেম্বর, ২০২৫
-
০৩ ডিসেম্বর, ২০২৫
-
০৩ ডিসেম্বর, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৫