০৪ ডিসেম্বর, ২০২৫ ০৩:৩৪ পিএম

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন যে সাত চিকিৎসক

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন যে সাত চিকিৎসক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতের পরে আগামীকাল শুক্রবার ভোরে লন্ডন নেওয়া হবে।

আজ বিকেলে এভারকেয়ার হাসপাতালের সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানান।

সফরে পুত্রবধূ সায়েদা শমীলা রহমানসহ ১৪ জন বেগম জিয়ার সঙ্গে যাবেন। এর মধ্যে আছেন সাতজন চিকিৎসক,

তারা হলেন—

ডা. এ জেড এম জাহিদ হোসেন (ব্যক্তিগত চিকিৎসক)

ডা. মো. আনামুল হক চৌধুরী (চেয়ারপার্সনের উপদেষ্টা), ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন।

এ ছাড়াও যাবেন হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ শামীন মাহফুজ (এসএসএফ), আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মাসুদার রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারী), ফাতেমা বেগম  (গৃহকর্মী) ও রুপা শিকদার (গৃহকর্মী)।

৭৯ বছর বয়সী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সংকটময় অবস্থায় গত ২৭ নভেম্বর থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসকরা নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন। সেখানে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে।

এভারকেয়ার হাসাতালের একটি সূত্র জানায়, বর্তমানে বাংলাদেশি মেডিকেল বোর্ডের সাথে চীনের ১০ সদস্যের একটি চিকিৎসক টিমও কাজ করছে।

এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১১৭ দিন সেখানে অবস্থানের পর গত ৬ মে দেশে ফেরেন তিনি। এরপর শারীরিক নানা জটিলতায় একাধিকবার তাঁকে হাসপাতালে যেতে হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত