১৮ অক্টোবর, ২০২৫ ১২:৫৭ পিএম

বিসিএস স্বাস্থ্যের মতো ‘ফার্মেসি ক্যাডার’ চালুর পরামর্শ স্বাস্থ্য সচিবের

বিসিএস স্বাস্থ্যের মতো ‘ফার্মেসি ক্যাডার’ চালুর পরামর্শ স্বাস্থ্য সচিবের
রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের মতবিনিময় সভা।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যখাতে ফার্মেসি শিক্ষা ও সেবার অপরিহার্যতা বিবেচনায় নিয়ে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মতো বিসিএস ফার্মেসি ক্যাডারও চালু করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও ফার্মেসি কাউন্সিলের সভাপতি মো. সাইদুর রহমান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। শুক্রবার (১৭ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মো. সাইদুর রহমান বলেন, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মতো ‘বিসিএস ফার্মেসি ক্যাডার’ চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে। ইতোমধ্যে সরকারি হাসপাতালে ফার্মাসিস্টদের জন্য পদ সৃষ্টি করা হয়েছে এবং ভবিষ্যতে তা আরও বাড়ানো হবে।

এ সময় ফার্মেসি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কাউন্সিল একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু করতে পারে বলেও মত দেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব।

কাউন্সিলের সহ সভাপতি ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, ফার্মেসি শিক্ষায় সুনির্দিষ্ট মান বজায় রাখা জরুরি। এজন্য অধ্যাপক ড. মো. আবদুর রশীদের নেতৃত্বে সিলেবাস প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে। খসড়া সিলেবাস তৈরি হলে তা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠিয়ে মতামত নেওয়া হবে।

দেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বি.ফার্ম (Bachelor of Pharmacy) কোর্সের অভিস্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) ও শিক্ষার্থী ভর্তি নীতিমালা যথাযথভাবে প্রতিপালন এ নিয়ে সভার আয়োজন করা হয়। 

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে সরাসরি স্বাস্থ্যখাতে ফার্মাসিস্টদের অবদান রাখার সুযোগ এখনও সীমিত। দেশে প্রায় দুই লাখ ওষুধের দোকান রয়েছে। এগুলোকে মডেল ফার্মেসিতে রূপান্তর করতে হলে অন্তত চার লাখ দক্ষ ফার্মাসিস্ট প্রয়োজন। তাই সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফার্মেসি শিক্ষার মানোন্নয়ন জরুরি।

সভায় কাউন্সিল অভিস্বীকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, উপাচার্য ও ফার্মেসি বিভাগের প্রধানরা অংশ নেন।

স্বাগত বক্তব্যে কাউন্সিলের সচিব মুহাম্মদ মাহবুবুল হক বলেন, ফার্মেসি কাউন্সিল ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানদের নিয়ে দুটি মতবিনিময় সভা করেছে। এসব সভা থেকে পাওয়া পরামর্শ অ্যাক্রেডিটেশন ও এডুকেশন কমিটির মাধ্যমে অনুমোদন দিয়ে সাধারণ সভায় উপস্থাপন করা হয়েছে। কাউন্সিল সবসময় অংশীজনদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।

মুখ্য আলোচক ও কাউন্সিলের অ্যাক্রেডিটেশন ও এডুকেশন কমিটির সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, বিদেশে ৫ শতাংশ ফার্মাসিস্ট কাজ করেন ওষুধ শিল্পে এবং ৯৫ শতাংশ কাজ করেন হাসপাতাল ও কমিউনিটি ফার্মেসিতে। কিন্তু বাংলাদেশে স্বাস্থ্যখাতে ফার্মাসিস্টদের সরাসরি সম্পৃক্ততা এখনো সীমিত। দক্ষ ফার্মাসিস্ট তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত ল্যাব স্থাপন ও শিক্ষক নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন আহমেদ বলেন, ফার্মেসি কাউন্সিল সিলেবাস প্রণয়ন, ল্যাবরেটরির মান নির্ধারণ, আসনসংখ্যা নিয়ন্ত্রণ ও বিশ্ববিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা রাখছে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত