হাসপাতালে ভর্তি ৭৫৫ ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় মৃত্যু ১
মেডিভয়েস রিপোর্ট: দেশ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৭৫৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১৮৭ জন। এরপর রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, যেখানে ভর্তি হয়েছেন ১৮১ জন রোগী। বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ভর্তি হয়েছেন ১৩১ জন, চট্টগ্রামে ৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৮ জন, খুলনা বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে দুজন।
চলতি বছরের ১৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭৭০ জনে। এর মধ্যে ৬১ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৮ শতাংশ নারী। এই সময়ে হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮৩৪ জন। ডেঙ্গুতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪৩ জনের।
২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ মোট আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুর হয়েছিল এক হাজার ৭০৫ জনের।
টিআই/