তহবিল সংকটে আফগানিস্তানে জাতিসংঘের ৪২০ স্বাস্থ্যকেন্দ্র বন্ধ
মেডিভয়েস রিপোর্ট: আফগানিস্তানে জাতিসংঘ পরিচালিত ৪০০টিরও বেশি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যকেন্দ্র পরিচালনার জন্য পর্যাপ্ত অর্থের যোগান না পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফারহান হকের বরাত দিয়ে আফগান সংবাদ সংস্থা টোলো নিউজ জানিয়েছে, কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার ফলে ত্রিশ লক্ষেরও বেশি মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এ পরিস্থিতিতে দেশটির বিভিন্ন প্রদেশের নাগরিকরা সরকারের কাছে আরও স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন এবং সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা প্রদানের দাবি জানিয়ে আসছেন।
আফগান মানবাধিকারকর্মী ড. সাঈদ আবদুল্লাহ আহমাদী বলেন, ‘তালেবান সরকারের গত চার বছরসহ দীর্ঘ দিন ধরে আফগান স্বাস্থ্যসেবা বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল ছিল। কিন্তু এ সময়ের মধ্যে স্বাস্থ্য কর্মকর্তারা আফগানিস্তানের অভ্যন্তরীণ অর্থনীতির উপর ভিত্তি করে সেবা প্রদানের জন্য কার্যকর কৌশল তৈরি করতে সক্ষম হননি।’
যদিও আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। মঙ্গলবার জনস্বাস্থ্য মন্ত্রী নূর জালাল জালালি স্বাস্থ্যসেবা খাতে স্বনির্ভরতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
তিনি বলেন, ‘আগামীকাল সাহায্য বন্ধ করে দেওয়া হলে আমাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর এবং বিদেশনির্ভরতা থেকে নিজেদের মুক্ত করার জন্য একটি পরিকল্পনা থাকতে হবে।’
প্রসঙ্গত, গত বছর দেশজুড়ে ৩১৮টি হাসপাতাল নির্মাণের ঘোষণাও দিয়েছিল আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
এইউ/টিআই/এমইউ