০৬ অক্টোবর, ২০২৫ ০৯:৪৪ পিএম

রামেকে চিকিৎসাসেবায় বাধা: আটকের পর ক্ষমা চেয়ে যুবকের মুক্তি

রামেকে চিকিৎসাসেবায় বাধা: আটকের পর ক্ষমা চেয়ে যুবকের মুক্তি
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসকদের দায়িত্ব পালনে বাধা এবং চিকিৎসার দৃশ্য মোবাইলে ধারণ করে সামাজিক মাধ্যমে প্রচার করে বিভ্রান্তি তৈরির অভিযোগে চারঘাটের বাসিন্দা মো. নুরুল ইসলাম শান্তকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ। রোববার (৫ অক্টোবর) তাকে আটক করা হয়। পরে থানায় জবানবন্দি দিয়ে ক্ষমা চাইলে তাকে মুক্তি দেওয়া হয়।

জবানবন্দিতে শান্ত বলেন, ‘আমি ভুল বুঝে কর্তব্যরত চিকিৎসকের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভয়-ভীতি প্রদর্শনপূর্বক ভিডিও ধারণ করি এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিই।’

পরে শান্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে জবানবন্দির কাগজে স্বাক্ষর করেন।

জানা গেছে, উপজেলার শলুয়া ইউনিয়নের মো. নাজমুল হক সাপের দংশনে আক্রান্ত হয়ে গত ১ অক্টোবর সকাল ১১টা ১৫ মিনিটে রামেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা রোগীর মধ্যে বিষক্রিয়ার লক্ষণ শনাক্ত করে দ্রুত অ্যান্টিভেনম (বিষনাশক প্রতিষেধক) প্রয়োগের নির্দেশ দেন এবং নিবিড় পর্যবেক্ষণ শুরু করেন। রোগীর অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে জরুরি ভিত্তিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। তবে অ্যান্টিভেনম প্রয়োগের পরও মারা যান রোগী।

ইন্টার্ন চিকিৎসকরা বলেন, চিকিৎসাকালীন সময়ে রোগীর ছেলে শান্ত চিকিৎসকদের কার্যক্রমে ভিডিও ধারণ এবং আপত্তিকর মন্তব্যের মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রামেক হাসপাতাল ও চিকিৎসকদের নিয়ে বিভ্রান্তিকর এবং অসত্য ভিডিও প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদের মাধ্যমে রাজপাড়া থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।

প্রশাসনের দ্রুত পদক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে আটক করে আইনের আওতায় আনা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে জবানবন্দি দিয়ে রাজপাড়া থানা থেকে মুক্তি পান শান্ত।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসকরা ২৪ ঘণ্টা নিরলসভাবে জনসেবায় নিয়োজিত রয়েছেন। তারা দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিকতা বজায় রেখে সেবার মান অক্ষুণ্ণ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এর পরও পান থেকে চুন খসলেই তাদের সঙ্গে অসম্মানজনক আচরণ ও তাদের নিয়ে অপপ্রচার চালানো, যা একেবারেই অনাকাঙিক্ষত। 

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসক নিগ্রহ
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত