সলিমুল্লাহ মেডিকেলে তিনটি বহুতল হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন
মেডিভয়েস রিপোর্ট: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (এসএসএমসি) আধুনিক সুবিধা সম্বলিত নতুন হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ফলক উন্মোচনের মধ্য দিয়ে নির্মাণকাজ উদ্বোধন করেন তিনি। পরে হাসপাতালের ইমার্জেন্সি ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্য উপদেষ্টা।
সরকারের ‘১০টি মেডিকেল কলেজে আধুনিক সুবিধা সম্বলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্প’-এর অংশ হিসেবে এসএসএমসিতে ১৫ তলা বিশিষ্ট একটি ছাত্র হোস্টেল এবং ১২ তলা করে দুটি ছাত্রী হোস্টেল নির্মাণ করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা ভাঙাচোরা হোস্টেলে থেকেছে, প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পড়াশোনা করেছে। তাদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন হোস্টেলের। এটা শুধু দাবি নয়, তাদের অধিকারও। আমরা চাই ছেলেমেয়েরা নিরাপদ ও সুন্দর পরিবেশে পড়াশোনা করুক। এখানে তাদের সৃজনশীল কর্মকাণ্ড বিকশিত হোক।’
এ সময় উপদেষ্টা রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. শীর্ষ শ্রেয়ানের প্রশংসা করেন। শ্রেয়ানের উদ্যোগে নেদারল্যান্ডস থেকে আনা ১৭ কোটি টাকার সমমূল্যের ২,৫০০ ভায়াল অ্যাল্টেপ্লেস ইনজেকশন দেশে এসেছে, যা স্ট্রোক ও হার্ট অ্যাটাক রোগীদের বিনামূল্যে দেওয়া হচ্ছে। নূরজাহান বেগম বলেন, ‘মানুষের জীবন রক্ষায় তার মানবিক প্রচেষ্টা অনুকরণীয়। আমি চাই, প্রতিটি শিক্ষার্থীর মধ্যে এই মানবিকতা তৈরি হোক।’
স্বাস্থ্য শিক্ষা সচিব ডা. মো. সারোয়ার বারী বলেন, ‘আমি নিজেও এই কলেজের শিক্ষার্থী ছিলাম। আবাসন সংকট ছিল প্রকট। আধুনিক এই হোস্টেল নির্মাণের মাধ্যমে শুধু আবাসন নয়, জিমনেশিয়াম ও এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিসহ প্রয়োজনীয় সব সুবিধা থাকবে।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, ‘দেশের ১০টি সরকারি মেডিকেল কলেজে ১৯টি হোস্টেল নির্মাণ শুরু হয়েছে। এর মধ্যে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ১২ তলা করে দুটি ছাত্রী হোস্টেল ও ১৫ তলা বিশিষ্ট একটি ছাত্র হোস্টেল হবে।’
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ তলা ছাত্র হোস্টেল নির্মাণে ব্যয় হবে ১০১ কোটি ৭৭ লাখ টাকা। এতে ৩১২টি রুমে ৯৩৬ শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা থাকবে। অন্যদিকে দুটি ছাত্রী হোস্টেল নির্মাণে ব্যয় হবে ৪৬ কোটি ৫৩ লাখ টাকা। এখানে ১৪৪টি রুমে ৫০৪ ছাত্রী থাকার সুযোগ পাবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, এসএসএমসি অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন ও এসএসএমসি মিটফোর্ড হাসপাতাল পরিচালক ব্রি. জে. ডা. মো. মাজহারুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এনএআর/
-
২৪ ফেব্রুয়ারী, ২০২৬
-
২১ নভেম্বর, ২০২৫
-
০১ সেপ্টেম্বর, ২০২৫
-
২৯ অগাস্ট, ২০২৫
-
২২ জুলাই, ২০২৫