১৭ অগাস্ট, ২০২৫ ০৬:০২ পিএম

চিকিৎসকদের নিয়ে আসিফ নজরুলের মন্তব্যের নিন্দা এনডিএফের

চিকিৎসকদের নিয়ে আসিফ নজরুলের মন্তব্যের নিন্দা এনডিএফের
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের উদ্দেশে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের দেওয়া সাম্প্রতিক মন্তব্যকে ‘অবৈজ্ঞানিক, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত’ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

আজ শনিবার (১৭ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এনডিএফ-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বলেন, ‘চিকিৎসকদের দেওয়া স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষাকে ‘অপ্রয়োজনীয়’ ও চিকিৎসাসেবাকে ‘অযাচিত’ বলে মন্তব্য করা চিকিৎসকদের পেশাদারিত্ব, শ্রম, ত্যাগ ও মানবিকতাকে চরমভাবে অস্বীকার করার শামিল। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তারা আরও বলেন, দেশের হাসপাতালগুলোতে চিকিৎসকরা অত্যন্ত প্রতিকূল ও সীমিত পরিবেশে নিরলসভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। কোভিড-১৯ মহামারি, ডেঙ্গু পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, এমনকি ২৪-এর জুলাই গণ-আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে চিকিৎসকরা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আন্দোলনের সময় চিকিৎসকরা চাকরি হারানোর ঝুঁকি, পুলিশি হয়রানি ও নানা প্রশাসনিক চাপ উপেক্ষা করেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। সেখানে সরকারের একজন দায়িত্বশীল উপদেষ্টার এমন মন্তব্য শুধু দুঃখজনক নয়, বরং চিকিৎসক সমাজ এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার প্রতি অশ্রদ্ধা প্রদর্শনের শামিল।

এনডিএফ নেতারা বলেন, ‘দেশে যেখানে জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম, চিকিৎসক ও নার্স সংকট রয়েছে, পর্যাপ্ত বেড নেই, চিকিৎসকরা সেখানে প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যন্ত দিনরাত কাজ করে যাচ্ছেন। তাঁদের অবদানের প্রতি এমন অবজ্ঞা নিঃসন্দেহে চরম হতাশাজনক।’

এনডিএফ নেতারা আরও বলেন, ‘বর্তমানে দেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদও যখন দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখে দেশেই ওপেন হার্ট সার্জারি করাচ্ছেন, তখন একজন উপদেষ্টার এই বক্তব্য গণস্বাস্থ্য সম্পর্কে বিভ্রান্তিকর বার্তা দিচ্ছে, চিকিৎসকদের প্রতি অনাস্থা তৈরি করছে এবং রোগীদের বিদেশমুখী করে তুলতে পারে।’

এনডিএফ জানায়, ‘চিকিৎসকরা সীমিত অবকাঠামো, নিরাপত্তাহীন পরিবেশ ও অপ্রতুল সুযোগ-সুবিধার মধ্যেও মানুষের জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করা মানে শুধুই চিকিৎসকদের নয়, সামগ্রিক স্বাস্থ্যসেবা ও জনগণের প্রতি অশ্রদ্ধা প্রকাশ।’

তারা দাবি জানান, উপদেষ্টা আসিফ নজরুলকে তাঁর মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং দেশবাসীর কাছে নিঃশর্তভাবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

সাথে, সরকারের প্রতি আহ্বান জানানো হয়, চিকিৎসকদের সম্মান, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিবৃতিতে এনডিএফ নেতারা বলেন, ‘গঠনমূলক সমালোচনা গণতান্ত্রিক সৌন্দর্যের অংশ, তবে তা হতে হবে তথ্যনির্ভর ও সম্মানজনক। চিকিৎসক সমাজের মর্যাদা ও অধিকার রক্ষায় আমরা সব সময় প্রস্তুত। এনডিএফ চিকিৎসকদের পেশাগত স্বার্থ, রোগীর অধিকার এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাবে।’

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এনডিএফ
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত