সিলেটে এনডিএফের সীরাত কনফারেন্স অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: সিলেটে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সীরাত কনফারেন্স-২০২৬’। এতে প্রায় আট শতাধিক চিকিৎসক, তাঁদের পরিবারের সদস্য ও মেডিকেল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) অডিটোরিয়ামে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ডা. আলী আশরাফ।
এনডিএফ সিলেটের জেলা সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান সীরাত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও লেখক মুফতি আলী হাসান উসামা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনডিএফ সিওমেক সভাপতি অধ্যাপক ডা. খালেদ মাহমুদ। এ ছাড়া সীরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. ইসমাঈল পাটোয়ারী এবং এনডিএফের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. আবুল হাশেম চৌধুরী।
প্রধান আলোচকের বক্তব্যে মুফতি আলী হাসান উসামা বলেন, ‘রাসুলুল্লাহ (সা.)- এর সীরাত অধ্যয়নের মাধ্যমে শুধু জ্ঞান অর্জন করলেই হবে না; বরং অর্জিত সেই জ্ঞান অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলতে হবে।’
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. জাহিদ হোসাইন ও সহকারী অধ্যাপক ডা. সোহেল আহমদ।
কনফারেন্সের অন্যতম আকর্ষণ ছিল সীরাতগ্রন্থের স্টল এবং রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে সাজানো ‘সিকুয়েন্সিয়াল ভিজ্যুয়াল বোর্ড প্রদর্শনী।’
পাশাপাশি উপস্থিত দর্শক-শ্রোতাদের জন্য সফটওয়্যারভিত্তিক লাইভ সীরাত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সহকারী অধ্যাপক ডা. মুহিবুর রহমানের পরিচালনায় ৩০টি প্রশ্নের এই লাইভ কুইজে অসাধারণ পারফরম্যান্স করে ২৮ হাজার ৭৯ পয়েন্ট অর্জন করে প্রথম স্থান অধিকার করেন সিওমেকের ইন্টার্ন চিকিৎসক ডা. এহসানুল হাবিব জুবায়ের। পুরস্কার হিসেবে তিনি জিতে নেন একটি আকর্ষণীয় স্যামসাং ট্যাব। এ ছাড়া কুইজ প্রতিযোগিতার প্রথম ১০ জন বিজয়ীর হাতেও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, ‘সীরাতের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনের প্রত্যয় নিয়ে আয়োজিত এই কনফারেন্স চিকিৎসক সমাজের মাঝে দ্বীনি জ্ঞানচর্চা এবং রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণের অনুপ্রেরণা জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।’
জেএইচ/