১০ অগাস্ট, ২০২৫ ০৮:৫৩ পিএম

বাধ্যতামূলক অবসরে ডা. কামরুল ও ডা. শামিউল

বাধ্যতামূলক অবসরে ডা. কামরুল ও ডা. শামিউল
ডা. কামরুল ইসলাম ও ডা. মো. শামিউল ইসলাম। (ছবিতে বা দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক ডা. শামিউল ইসলাম ও অধ্যাপক ডা. মো. কামরুল হাসানকে সরকারি চাকরি হতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। তবে তাঁরা বিধি মোতাবেক অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।

আজ রোববার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যেহেতু ডা. মো. শামিউল ইসলাম (৪১০১৪), অধ্যাপক, প্যাথলজি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা এর চাকরিকাল ২৫ (পঁচিশ) বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।’

গত ৬ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন সই করা অপর প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অধ্যাপক ডা. মো. কামরুল হাসানের (১০৭২৭৬) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে; সেহেতু সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি হতে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. শামিউলকে গত বছরের ৭ ফেব্রয়ারি স্বাস্থ্য জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক পদে নিয়োগ দেয় সরকার। পরবর্তীতে তাকে অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

চিকিৎসকদের অভিযোগ, লাইন ডিরেক্টর ও পরিচালক (এমবিডিসি) হিসেবে দায়িত্ব পালন করা ডা. শামিউল ইসলাম পরিচালকের (প্রশাসন) দায়িত্বে আসার পর থেকে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ২৪ এপ্রিল দুদকে তার বিরুদ্ধে অবৈধ এবং শত শত কোটি টাকার দুর্নীতি তদন্তের জন্য একটি অভিযোগপত্র দাখিল করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে অধ্যাপক ডা. মো. কামরুল হাসান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে সবশেষ দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব পদে দায়িত্বে রয়েছেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত