০১ অগাস্ট, ২০২৫ ১২:২৭ পিএম

জুলাইয়ের শহীদ ও স্বজনদের সম্মানে কুমিল্লায় এনডিএফের বিশেষ আয়োজন

জুলাইয়ের শহীদ ও স্বজনদের সম্মানে কুমিল্লায় এনডিএফের বিশেষ আয়োজন
জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা এনডিএফের আয়োজন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁদের পরিবার-পরিজনদের প্রতি সম্মান জানিয়ে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ স্মারক অনুষ্ঠান।

বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই বিপ্লব আলোচনা সভা’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কুমিল্লা শাখা।

শহীদদের বাবা-মা বা পরিবারের সদস্যদের সম্মাননার মাধ্যমে এ আয়োজনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. জহিরুল আলমের সঞ্চালনায় এবং ডা. মোহাম্মদ শাহ আলমের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে মূল পর্ব শুরু হয়। 

সংগঠনের জেলা সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এবং প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বলেন, ‘আমরা প্রতিবেশী হিসেবে এমন এক দেশ পেয়েছি, যারা সব সময় আমাদের উন্নয়নের পথে বাঁধা হয়ে দাঁড়ায়। আমরা সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের মাধ্যমে প্রতিবেশীদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে একটি সোনার দেশ উপহার দিতে চাই।’

বক্তব্য রাখেন গোমতি হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. মুজিবুর রহমান, অধ্যাপক ডা. ফজলুল হক লিটন, ডা. উম্মে কুলসুম মুনমুন ও অধ্যাপক ডা. মো. মাহবুবুল ইসলাম মজুমদারসহ অন্যরা।

আলোচনা সভায় বিপ্লবের নৈতিক শক্তি, শহীদদের আত্মত্যাগ এবং ন্যায়বিচারের সংগ্রামে চিকিৎসক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শহীদদের সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল জুলাই বিপ্লব নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন। এতে আন্দোলনের প্রেক্ষাপট, দমন-পীড়ন, চিকিৎসাসেবা এবং শহীদদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষাংশে সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

সংশ্লিষ্টরা জানান, স্মারক অনুষ্ঠানটির মধ্য দিয়ে কুমিল্লায় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো এবং তাঁদের পরিবারকে সম্মানিত করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো চিকিৎসক সমাজ।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।