২০ মে, ২০২৫ ১২:০২ পিএম

বিসিপিএসের প্রশিক্ষণ স্বীকৃতির মেয়াদ বৃদ্ধি ও নতুন স্বীকৃতি প্রদান

বিসিপিএসের প্রশিক্ষণ স্বীকৃতির মেয়াদ বৃদ্ধি ও নতুন স্বীকৃতি প্রদান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে ফেলোশিপ পরীক্ষার জন্য প্রশিক্ষণ স্বীকৃতির মেয়াদ বৃদ্ধি ও নতুন করে স্বীকৃতি প্রদান করে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস)।

শনিবার (১৭ মে) বিসিপিএস সচিব অধ্যাপক আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত পৃথক চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে এই তথ্য জানানো হয়।

চিঠিতে ফেলোশিপ পরীক্ষার প্রশিক্ষণ স্বীকৃতির সময়সীমা বৃদ্ধির মাধ্যমে—যে মেডিকেল কলেজ বা হাসপাতালের কোনো বিভাগ বিসিপিএস থেকে পূর্বে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে অনুমোদন পেয়েছিল, সেই কেন্দ্রের নির্ধারিত সময়সীমা নবায়ন বা বৃদ্ধি করা হয়েছে এবং নতুন স্বীকৃতি প্রদানের মাধ্যমে—যে মেডিকেল কলেজ বা হাসপাতালের কোনো নির্দিষ্ট বিভাগে বিসিপিএসের প্রশিক্ষণ কেন্দ্র ছিল না, কেন্দ্র সেই বিভাগকে প্রথমবারের মতো প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের থোরাসিক সার্জারি বিভাগে আবাসিক চিকিৎসকদের প্রশিক্ষণের স্বীকৃতি আগামী পাঁচ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে, যা ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে। এখানে প্রশিক্ষণকাল ধরা হয়েছে তিন বছর।

এছাড়া, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগেও প্রশিক্ষণের স্বীকৃতি পাঁচ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে, যার প্রশিক্ষণকাল চার বছর। তবে বিভাগটির কাঠামোগত ও প্রশাসনিক কিছু বিষয়ে উন্নয়নের পরামর্শ দিয়ে বলা হয়েছে, বিভাগ আরও সংগঠিত করা, শিক্ষকের সংখ্যা বৃদ্ধি, বিনামূল্যের শয্যার পরিমাণ বৃদ্ধি এবং পূর্ণকালীন, বেতনভুক্ত, চুক্তিভিত্তিক ট্রেইনি নিয়োগ দেওয়া।

এদিকে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) চট্টগ্রামের সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগকে নতুন করে ফেলোশিপ পর্যায়ের তিন বছরের প্রশিক্ষণ প্রদানের জন্য পাঁচ বছরের স্বীকৃতি দেওয়া হয়েছে, যা ২৪ মার্চ ২০২৪ থেকে কার্যকর।

অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের তিনটি বিভাগে ফরেনসিক মেডিসিন, প্যাথলজি ও মাইক্রোবায়োলজির প্রশিক্ষণের স্বীকৃতি নবায়ন করা হয়েছে। পাশাপাশি নয়টি নতুন বিভাগ—হেপাটোলজি, এন্ডোক্রিনোলজি ও মেটাবলিজম, ইউরোলজি, রেসপিরেটরি মেডিসিন, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন ও বায়োকেমিস্ট্রিকে প্রশিক্ষণের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে।

প্রতিটি নতুন স্বীকৃত বিভাগে প্রশিক্ষণকাল নির্ধারণ করা হয়েছে তিন বছর। কিছু বিভাগের জন্য চিকিৎসাসেবা ও জনবল বৃদ্ধির পরামর্শও প্রদান করেছে বিসিপিএস।

এছাড়া, সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের, মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক্স এবং গাইনী বিভাগের প্রশিক্ষণ স্বীকৃতির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে ওটোল্যারিংগোলজি ও হেড-নেক সার্জারি এবং অ্যানাস্থেসিওলজি বিভাগকে নতুন করে স্বীকৃতি দেওয়া হয়েছে।

বিসিপিএস জানিয়েছে, এই স্বীকৃতিগুলো পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে এবং নির্ধারিত সময় শেষে প্রতিষ্ঠানসমূহের প্রশিক্ষণ ও শিক্ষার মান যাচাই করতে পরিদর্শন দল পাঠানো হবে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জনস (বিসিপিএস)
  এই বিভাগের সর্বাধিক পঠিত