২০ মে, ২০২৫ ১০:২৭ এএম

ভাতা দাবিতে নিটোরে ২য় দিনের মতো কর্মবিরতিতে ইন্টার্ন ফিজিওথেরাপিস্টরা

ভাতা দাবিতে নিটোরে ২য় দিনের মতো কর্মবিরতিতে ইন্টার্ন ফিজিওথেরাপিস্টরা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ভাতা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি কর্মসূচি পালন করছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ইন্টার্ন ফিজিওথেরাপিস্টরা। আজ মঙ্গলবার (২০ মে) সকাল ১১টা থেকে নিটোরের পরিচালকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করছেন তারা।

বাংলাদেশ ফিজিওথেরাপিস্ট স্টুডেন্টস ইউনিয়নের (বাপসু) সেক্রেটারি মো. আব্দুর রহমান সকালে মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সকাল ১১টার দিকে আমাদের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক হওয়ার কথা। কিন্তু এখনো কোনো বৈঠক হয়নি।’

এর আগে সোমববার (২০ মে) সকালে ভাতা দাবিতে নিটোরে অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ এ অবস্থান কর্মসূচি চলে।

বাপসু সেক্রেটারি বলেন, ‘পরিচালক স্যার মন্ত্রণালয়ে থাকায় যুগ্ম পরিচালক, একাডেমিক পরিচালক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাবের) গুরুত্বপূর্ণ কয়েকজনসহ হাসপাতালের ঊর্ধ্বতন সকলে উপস্থিত ছিলেন। তারা বলেছেন, পরিচালক স্যারের অনুপস্থিতিতে এই বৈঠকটা আনঅফিসিয়াল। তোমাদের দাবির প্রতি আমরা সহানুভূতিশীল। আমরা এ নিয়ে পরিচালক স্যারের সাথে কথা বলবো।’

এক শিক্ষার্থী বলেছেন, ‘এ পর্যন্ত সকলেই বলেছে তোমাদের দাবি যৌক্তিক, কিন্তু কেউই আমাদের এই অধিকারগুলো আদায়ে সাহায্য করেনি, এমনকি আমাদের পরিচালক স্যারও সময় চেয়েছেন, কিন্তু বিগত পাচ-ছয় মাসে কোনো অগ্রগতি আসেনি। শিক্ষার্থীদের এই ন্যায্য অধিকার নিয়ে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তরে ৮ মাস শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছে। কিন্তু সর্বশেষ চিকিৎসা শিক্ষার পরিচালক ডা. মহিউদ্দিন মাতাব্বর স্যার বলেছেন, তোমাদের ভর্তি পরীক্ষাও আমরা নেই না, ভর্তিও আমরা করাই না। নিটোর প্রশাসন করে, তাদের কাছে চাও।’

তিনি বলেন, ছাত্রীদেরকে দিনের পর দিন এভাবে শুধু ঘোরানো হচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, কেউ এসব মৌলিক অধিকার  প্রতিষ্ঠার জন্য কাজ করছে না।

বাপসু নেতা আব্দুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা বাধ্য হয়ে পরিচালকের কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে নেমেছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের ইন্টার্ন ভাতা দেওয়া হবে, তারা এখানেই অবস্থান করবে। এখানে সবাই সবার অধিকারের জন্য এসেছে। এ কর্মসূচি চলবে। অধিকার আদায়ের আগ পর্যন্ত কেউ এখান থেকে যাবে না।’

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত