১৬ মে, ২০২৫ ১১:৪৯ এএম

জীবন রক্ষার সহজ পদ্ধতি আবিষ্কারে মনোযোগ দিন: বিএমইউ ভিসি

জীবন রক্ষার সহজ পদ্ধতি আবিষ্কারে মনোযোগ দিন: বিএমইউ ভিসি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রোগীদের জীবন রক্ষাসহ মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়ন ও প্রতিরোধে ভূমিকা রাখে এমন সহজ পদ্ধতি উদ্ভাবনে অধিক মনোযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ব ক্যাঙ্গারু মাদার কেয়ার দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এ কথা বলেছেন তিনি।

এদিন ‘ইন ইয়োর আর্মস, আই থ্রাইভ’ প্রতিপাদ্যে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের নিওনেটোলজি বিভাগ। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক শাহিনুল আলম।

র‌্যালিপূর্ব সমাবেশে তিনি বলেন, আগামী দিনের সুন্দর পৃথিবী গড়তে নবজাতকদের অবশ্যই সুস্থ রাখতে হবে। এজন্য প্রয়োজনীয় জনসচেতনতা সৃষ্টি করতে হবে। এক্ষেত্রে চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকে অধিকতর ভূমিকা রাখতে হবে।

ভিসি বলেন, বিশ্বব্যাপী গবেষণার মাধ্যমে প্রমাণিত যে, ক্যাঙ্গারু মাদার কেয়ার (কেএমসি) পদ্ধতি অপরিণত নবজাতকসহ নবজাতকদের সুস্থতা, জীবন রক্ষা ও মৃত্যুঝুঁকি হ্রাসে বিশেষ অবদান রাখছে। কেএমসি পদ্ধতি কত সহজ গবেষণা, কিন্তু নবজাতকদের জীবন রক্ষায় বিরাট ভূমিকা রাখছে। তাই জীবন রক্ষায় ক্যাঙ্গারু মাদার কেয়ারের মতো সহজ গবেষণায় মনোযোগ দিন। এমন গবেষণায় মনোযোগ বেশি দিতে হবে—যা সহজ, কিন্তু রোগীদের জীবন রক্ষাসহ মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়ন ও রোগ প্রতিরোধে বিরাট ভূমিকা রাখতে পারে।

এসময় বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে, অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে নবজাতকদের যত্ন, স্বাস্থ্য সুরক্ষা ও মুত্যুহার রোধে জনসচেতনতার উপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, অপরিণত অবস্থায় জন্মগ্রহণ করা শিশুর জীবন রক্ষায় প্রায় বিনামূল্যে পাওয়া একটি সফল চিকিৎসা সেবা ক্যাঙ্গারু মাদার কেয়ার। প্রাণীদের মধ্যে ক্যাঙ্গারু যেভাবে তার জন্ম নেওয়া অপরিণত বাচ্চাকে তার বুকের থলের ভেতরে আগলে রেখে মাতৃদেহের উমে বড় করে তোলে, সেই কৌশলকে অনুসরণ করে এই পদ্ধতিটি চালু হয়। এই পদ্ধতিতে জন্মের পর নবজাতককে মায়ের কাছে রেখে বিশেষ করে মায়ের ত্বকের সাথে নবজাতককের ত্বক মিশিয়ে নবজাতকের যত্ন নেওয়া হয়।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
  এই বিভাগের সর্বাধিক পঠিত