২৩ এপ্রিল, ২০২৫ ০৯:০৯ পিএম

বিএনএফের কনফারেন্সে নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় সর্বাধুনিক চিকিৎসার অঙ্গীকার

বিএনএফের কনফারেন্সে নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় সর্বাধুনিক চিকিৎসার অঙ্গীকার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নবজাতকের ভবিষ্যত রোগ নির্ণয় ও সর্বাধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ নিওনেটাল ফোরাম (বিএনএফ) আয়োজন করেছে সপ্তম ইন্টারন্যাশনাল কনফারেন্স-২০২৫। আজ বুধবার (২৩ এপ্রিল) সকালে আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। এতে নবজাতক বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকদের মিলনমেলায় পরিণত হয়।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানের পরে ‘নবজাতকের পায়ের গোড়ালির রক্ত পরীক্ষা করে ভবিষ্যৎ রোগ নির্ধারণে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়ে একটি পলিসি সেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ নিওনেটাল ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. মনির হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারওয়ার বারী।

সম্মেলনে মূল প্রবন্ধ উপাস্থাপন করেন বাংলাদেশ নিওনেটাল ফোরামের মহাসচিব অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে। এতে বলা হয়, বিএনএফ বাংলাদেশের নবজাতক বিশেষজ্ঞদের প্রতিনিধিত্ব করে।

অনুষ্ঠানে বক্তারা জানান, নবজাতকের পায়ের গোড়ালীর রক্ত পরীক্ষা করে ভবিষ্যৎ রোগ নির্ধারণ করার বিষয়টি বাংলাদেশে চালু করা গেলে নবজাতকদের অনেক রোগ থেকে তাদের মুক্ত রাখা সম্ভব হবে, যা নবজাতকদের জীবন রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।

একই সাথে ভবিষ্যতের সম্ভাব্য রোগ ও স্বাস্থ্য ঝুঁকি জানা থাকলে সে অনুযায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া সহজ হবে। সময়মতো চিকিৎসা শুরু করা যাবে, যা নবজাতকদের দুর্ভোগ লাঘবসহ পরিবারের আর্থিক দিকও সাশ্রয় হবে। সর্বোপরি নবজাতকদের সুন্দর স্বাস্থ্যবান জীবন নিশ্চিত হবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত