২২ এপ্রিল, ২০২৫ ১১:১২ এএম

লিভার ট্রান্সপ্ল্যান্টে রোবটিক সার্জারি চালুর পথে বিএমইউ

লিভার ট্রান্সপ্ল্যান্টে রোবটিক সার্জারি চালুর পথে বিএমইউ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। এতে চীন বাংলাদেশের স্বাস্থ্যখাতে ১৩৮.২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। পাশাপাশি দেশে উচ্চতর চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণ, রোবটিক সার্জারি, লিভার ও বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট চালুর সুযোগ তৈরি হবে। একইসাথে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, স্কলারশিপ প্রাপ্তি ও প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা উন্মোচিত হয়েছে, যা বাংলাদেশ-চীন স্বাস্থ্য সহযোগিতায় নতুন এক যুগের সূচনা হলো।

সোমবার (২১ এপ্রিল) বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে ইউনান-বাংলাদেশ শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহযোগিতামূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ’র ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক জিয়া জুয়েশান। আরও বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জুয়েশান বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠক দুই দেশের স্বাস্থ্য ও শিক্ষাখাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি তৈরি করেছে। তিনি চীনের ঐতিহ্যবাহী চিকিৎসা ও উচ্চতর চিকিৎসা শিক্ষার দিকগুলো তুলে ধরেন।

বিএমইউ’র ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, বিএমইউ দেশের উচ্চতর চিকিৎসা ও গবেষণায় অগ্রণী ভূমিকা রাখছে। চীনের সহযোগিতায় আমরা রোবটিক সার্জারি চালুর পাশাপাশি জটিল ট্রান্সপ্ল্যান্ট সেবাও শুরু করতে পারব।

অধ্যাপক ডা. মুজিবুর রহমান হাওলাদার বলেন, এই সমঝোতার মাধ্যমে গবেষণা, প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর, অবকাঠামো উন্নয়নসহ চিকিৎসা খাতের আধুনিকায়নে বড় ধরনের অগ্রগতি হবে।

অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, চীনের ১৩৮.২০ মিলিয়ন ডলারের বিনিয়োগ বাংলাদেশের স্বাস্থ্যখাতে এক নতুন মাইলফলক হয়ে থাকবে।

প্রোগ্রামে অংশ নেন কুনমিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট প্যান শুয়েজুন, ইউনান চাইনিজ মেডিসিন বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট ইউ জিয়ে, কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক গুও হাইইউন, ইউনান ভোকেশনাল কলেজ অফ ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স’র ভাইস-প্রেসিডেন্ট শেন ইউচিয়ং এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্য, সংক্রামক রোগ প্রতিরোধ, গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের স্বাস্থ্যখাতে বাস্তবিক পরিবর্তন আনবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত