২০ এপ্রিল, ২০২৫ ০১:৩৮ পিএম

ঠাকুরগাঁও হতে পারে আন্তর্জাতিক চিকিৎসা কেন্দ্র

ঠাকুরগাঁও হতে পারে আন্তর্জাতিক চিকিৎসা কেন্দ্র
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চীনের এক হাজার শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপন করা হলে ভারতের একটি অংশের মানুষও এই হাসপাতালের সেবা গ্রহণে আগ্রহী হবে। যোগাযোগব্যবস্থা সহজ ও উন্নত হওয়ায় রংপুর বিভাগের আটটি জেলাসহ ভারত, নেপাল, ভুটান ও চীনের মানুষও চিকিৎসাসেবা নিতে পারবে। ফলে এই জেলা হতে পারে আন্তর্জাতিক চিকিৎসা কেন্দ্র।

শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁওয়ে স্থাপনের দাবিতে ‘আমরা ঠাকুরগাঁওবাসী’ আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। এতে ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামসহ ঢাকায় ঠাকুরগাঁওবাসীর বিভিন্ন সংগঠন অংশ নেয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মুহাম্মদ দেলাওয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি ডা. নজরুল ইসলাম।

ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান বলেন, চীনের এক হাজার শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল যদি ঠাকুরগাঁওয়ে হয়, তাহলে শুধু রংপুর বিভাগের আট জেলা নয় বরং ভারত, নেপাল, ভুটান ও চীনের মানুষও চিকিৎসাসেবা নিতে পারবে।

দেলাওয়ার হোসেন বলেন, চীনের চিকিৎসাব্যবস্থা উন্নত হওয়ায় এবং বাংলাদেশে অভিজ্ঞ চিকিৎসক থাকায় ভারতের একটি অংশের মানুষও এই হাসপাতালের সেবা গ্রহণে আগ্রহী হবে। বাংলাদেশের চিকিৎসা সিলেবাস অনেক উন্নত হওয়ায় এই মেডিকেল কলেজে উচ্চতর ডিগ্রি নিতে আগ্রহী হবেন বিদেশি শিক্ষার্থীরা।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের সঙ্গে দেশের সব জেলার সড়ক ও রেলপথের যোগাযোগ আছে। অচিরেই বিমানপথও হয়তো যুক্ত হবে। ঠাকুরগাঁও-পঞ্চগড় হাইওয়ের পাশে সালান্দরে সুগার মিলের অব্যবহৃত জমি আছে ১৫০-২০০ একর। আগে আখ চাষ হলেও এগুলো এখন পরিত্যক্ত পড়ে থাকে। ফলে চীনের আর্থিক সহযোগিতায় এক হাজার শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালটি ঠাকুরগাঁওই সবচেয়ে উপযুক্ত স্থান। তাই ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে এই হাসপাতাল আমাদের প্রাণের ঠাকুরগাঁওয়ে স্থাপনের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি ডা. নজরুল ইসলাম বলেন, যে জেলায় একটি আইসিইউ (নিবিড় পরিচর্যাকেন্দ্র) পর্যন্ত নেই, সেখানে আন্তর্জাতিক হাসপাতাল স্থাপন না করা শুধু অবিচার নয়, এটি জনস্বাস্থ্য নিরাপত্তার প্রশ্ন। ঠাকুরগাঁওয়ে হাসপাতাল স্থাপন হলে অন্তত তিনটি জেলার হাজার হাজার মানুষের জীবন বাঁচবে।

গনঅধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন,  ঠাকুরগাঁও বাসীর প্রাণের দাবি পূরণে দলমত নির্বিশেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা এক দাবিতে একত্রিত হয়েছি। সরকার এই দাবি পূরণ করলে উত্তরবঙ্গের মানুষের স্বাস্থ্য সেবা সহজ হবে।

ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা সোসাইটির সভাপতি ও সাবেক কর কমিশনার আসাদুজ্জামান বলেন, ঠাকুরগাঁও থেকে ঢাকায় ১২-১৪ ঘণ্টার দূরত্ব। অনেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য আসতে না পেরে সুচিকিৎসার অভাবে মারা যান। ঠাকুরগাঁওয়ে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মিত হলে, বাংলাদেশের মানুষ তথা উত্তরাঞ্চলের ১৫-১৬টি জেলার মানুষ যেমন লাভবান হবে। একই সঙ্গে নেপাল, ভুটান এবং ভারতের পশ্চিমবঙ্গের মানুষ এখানে এসে চিকিৎসা নিতে পারবে। আমরা সরকারের কাছে নিবেদন জানাই, ঠাকুরগাঁওয়ে এই হাসপাতালটি স্থাপনে যা যা স্টেপ নেওয়া দরকার আপনারা নেবেন।

মানববন্ধনে বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসাইন বলেন, ‘এই হাসপাতাল শুধু স্বাস্থ্যসেবা নয়, বরং একটি অঞ্চলের অর্থনীতি, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়নের চালিকাশক্তি হয়ে উঠবে। সরকারের উচিত, এই দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা।’

ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এজিএম মো. আমিনুল ইসলাম বলেন, ‘চিকিৎসা শুধু বড় শহরের মানুষের একচেটিয়া সুবিধা হতে পারে না। ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক হাসপাতাল স্থাপনের মাধ্যমে স্বাস্থ্যসেবা আরো বিকেন্দ্রীকৃত হবে এবং স্বাস্থ্য পর্যটনের দিকেও নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।’

ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক এ পারভেজ লাবু বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে অবহেলিত ২টি জেলার একটি ঠাকুরগাঁও অপরটি পঞ্চগড়। আমরা চাই এই অবহেলিত জনগোষ্ঠীর জন্য চীন-বাংলাদেশ ফেন্ডশিপ জেনারেল হাসপাতালটি ঠাকুরগাঁওয়ে স্থাপন করা হোক। তিনি ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এই হাসপাতাল স্থাপনের দাবি জানান।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির সদস্য সচিব মো. মকছেদুল ইসলাম সোহাগ, বিশিষ্ট ব্যাংকার আবুল কালাম আজাদ, ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আসাদুল্লাহ আল গালিব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল হোসেন, অ্যাডভোকেট আদিব, ইঞ্জিনিয়ার জামিল প্রমুখ।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক