হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন
মেডিভয়েস রিপোর্ট: হাসপাতাল চালু ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, পর্যাপ্ত ক্লিনিক্যাল প্র্যাকটিসের সুযোগ না থাকায় দীর্ঘদিন ধরেই মেডিকেল কলেজেটির একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তারা জানান, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস করতে হয়। কলেজের নিজস্ব হাসপাতাল চালু না থাকায় এই ক্লাসগুলো জেলা সদর হাসপাতালে সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়। কিন্তু কলেজ থেকে হাসপাতালটির দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। যাতায়াতের জন্য কলেজের কোনো বাস নেই। ফলে নিয়মিত ক্লাসে অংশ নিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।
মানববন্ধন থেকে সপ্তাহে ছয় দিন ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করা, ওয়ার্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও রেজিস্ট্রার নিয়োগ, সার্জারি ও মেডিসিনসহ সব ক্লিনিক্যাল বিষয়ের যথাযথ ওয়ার্ডের ব্যবস্থা নিশ্চিত করা, পরিবহনব্যবস্থার ঘাটতি দূর করা এবং আগামী ডিসেম্বরের মধ্যে হাসপাতাল চালুর দাবি জানানো হয়।
শিক্ষার্থীরা বলেন, ‘আমরা প্রতিনিয়ত উদ্বেগের মধ্যে পড়াশোনা করছি। ভবিষ্যৎ অনিশ্চিত মনে হচ্ছে। আমরা চাই, পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত ও অবিলম্বে কলেজ হাসপাতাল চালু হোক।’
এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষার্থীরা।
এসআই/এনএআর/
-
০৯ জুলাই, ২০২৫
-
২১ এপ্রিল, ২০২৫