কুমিল্লায় চিকিৎসকের উপর হামলা, দোষীদের শাস্তির দাবি এনডিএফের
মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। একই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।
আজ শনিবার (২২ মার্চ) এনডিএফের কুমিল্লা জেলার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সেক্রেটারি অধ্যাপক ডা. জহিরুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
এর আগে শুক্রবার রাতে হৃদরোগের সমস্যা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসককে মারধর করেন রোগীর স্বজনরা। বহিরাগতদের নিয়ে হাসপাতালে হামলাও চালানো হয়।
বিষয়টি উল্লেখ করে এনডিএফ নেতৃবৃন্দ বলেন, ‘এ ঘটনার প্রেক্ষিতে ন্যাশনাল ডক্টরস ফোরামের কুমিল্লা শাখা তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার এবং যথাযথ শাস্তি প্রয়োগ করার জন্য প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।’
তারা বলেন, ‘কিছু পেশাদার সাংবাদিক এই ঘটনায় লাঞ্ছনার শিকার হয়েছেন, তার জন্য আমরা দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করছি।’
এনডিএফের বিবৃতিতে বলা হয়, ‘চিকিৎসকদের সুরক্ষা আইন প্রণয়ন, বাস্তবায়ন এবং ক্যাম্পাস তথা হাসপাতালে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে কুমিল্লা মেডিকেল কলেজে পূর্ণ কর্মবিরতি পালিত হবে। এই কর্মসূচিতে আমাদের পূর্ণ সমর্থন এবং অংশগ্রহণ থাকবে।’
এতে আরও বলা হয়, ‘সম্প্রতি রোগীর মৃত্যু হলেই কোনো প্রকার তদন্ত ছাড়া চিকিৎসকদের উপর দায় দেওয়া এবং চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপর হামলা করা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আইন প্রণয়ন করে যদি এই সকল কর্মকাণ্ড বন্ধ না করা হয়, তাহলে আমরা কুমিল্লার সকল সাধারণ চিকিৎসককে সাথ নিয়ে সরকারি ও বেসরকারি সকল চিকিৎসাসেবা বন্ধ করে দিতে বাধ্য থাকবো।’
‘চিকিৎসকদের নিরাপত্তা আমাদের অঙ্গীকার’—যোগ করা হয় বিবৃতিতে।
এনএআর/
-
২২ মার্চ, ২০২৫
-
১১ সেপ্টেম্বর, ২০২৪
-
০৫ সেপ্টেম্বর, ২০২৪
-
০২ সেপ্টেম্বর, ২০২৩